দীপ্ত টিভির তৃতীয় বর্ষপূর্তি

আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ২১:২৬

 

বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভি ২০১৫ সালের ১৮ নভেম্বর দেশব্যাপী পূর্ণাঙ্গ সম্প্রচারের মাধ্যমে পদযাত্রা শুরু করে। তারপর থেকে গত ৩ বছর ধরে এই টিভি চ্যানেলটি মানসম্পন্ন ও জনপ্রিয় বিভিন্ন ধরনের অনুষ্ঠান প্রচার করে আসছে। নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান প্রচার, স্বল্প সময়ের বিজ্ঞাপন বিরতি ইত্যাদি বৈশিষ্ট্য এরইমধ্যে টিভি চ্যানেলটিকে অন্যান্য চ্যানেল থেকে আলাদা করেছে। ফলে অল্প সময়েই দীপ্ত টিভি দেশ-বিদেশের অগণিত দর্শকের মনে জায়গা করে নিতে সক্ষম হয়েছে। দর্শকদের রুচি ও ভালোলাগাকে গুরুত্ব দিয়ে দীপ্ত টিভি এখন পযর্ন্ত মানসম্পন্ন অনুষ্ঠান প্রচার করে আসছে। সেকারণেই এই টিভি চ্যানেল নিজেস্ব প্রযোজনায় বেশ কয়েকটি দীর্ঘ ধারাবাহিক নাটক নির্মাণ করেছে। নির্মিত নাটকগুলোর মধ্যে খুঁজে ফিরি তাকে, খেলাঘর, অপরাজিতা, পালকি, ওরা থাকে ওধারে, অলি, ও মধ্যবর্তিনী এরইমধ্যে সফলভাবে প্রচার সম্পন্ন করেছে। এছাড়া সম্প্রচারের অপেক্ষায় আছে বেশ কয়েকটি ধারাবাহিক। উল্লেখ্য, দর্শকপ্রিয়তায় এসব ধারাবাহিক নাটকগুলো দেশের অন্য যেকোনো ধারাবাহিকের তুলনায় অনেক এগিয়ে। পাশাপাশি দর্শককে অন্যান্য বিদেশি চ্যানেল থেকে দেশীয় বিনোদনে ফিরিয়ে আনতে এসব নাটক বিশেষ ভূমিকা রেখেছে। তবে শুধু দীর্ঘ ধারাবাহিকই নয়, দীপ্ত টিভির নিয়মিত সঙ্গীতবিষয়ক ও কৃষিবিষয়ক অনুষ্ঠান দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে।