নির্বাচন করতে গিয়ে করোনায় রিটার্নিং কর্মকর্তার মৃত্যু

আপডেট : ২৫ জুলাই ২০২১, ২২:৩৪

নির্বাচন করতে গিয়ে প্রাণ হারালেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইসরাইল হোসেন। তিনি সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে রিটার্নিং অফিসার ছিলেন। রিটার্নিং অফিসার থাকা অবস্থায় করোনা আক্রান্ত হন। গতকাল রবিবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে নির্বাচন কমিশনে (ইসি)। ২৮ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া সিলেট-৩ আসনে উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন ইসরাইল হোসেন। করোনায় আক্রান্ত হলে ৩ জুলাই তাকে পরিবর্তন করা হয়। তার শারীরিক পরিস্থিতির অবনতি হলে দুই সপ্তাহ যাবত ঢাকার পপুলার হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলেন। অবস্থার কিছুটা উন্নতি হলে আইসিইউ থেকে কেবিনেও স্থানান্তর করা হয়। রবিবার অবস্থার অবনতির মধ্যে মারা যান এ কর্মকর্তা।

ইসির যুগ্ম সচিব ও পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান ইত্তেফাককে জানান, তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ৫৫ বছর বয়সি ইসরাইল স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে রেখে গেছেন। ১৯৯৬ সালে ইসরাইল হোসেন সহকারী সচিব হিসেবে নির্বাচন কমিশন সচিবালয়ে যোগ দেন। ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক, উপ-সচিবসহ বিভিন্ন শাখায় দায়িত্ব পালন করে রংপুর, ময়মনসিংহ ও সিলেটে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে কাজ করেন এ কর্মকর্তা।

এদিকে গতকাল সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. এনামুল হক করোনা ভাইরাসে মারা গেছেন।

কোভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের অনেক কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত রয়েছেন। করোনা আক্রান্ত হয়ে ২০২০ সালে মারা গেছেন নারায়ণগঞ্জের বন্দর থানায় কর্মরত সাবেক উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইবুর ও ঝিনাইদহের কালীগঞ্জের অফিস সহায়ক মো. বাবলুর করিম। সম্প্রতি মারা গেছেন মৌলভীবাজারের রাজনগর উপজেলার সাবেক নির্বাচন কর্মকর্তা আলিফ লায়লা, চট্টগ্রামের জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান ও পটুয়াখালীর কলাপাড়ার সাবেক অফিস সহায়ক শহিদুল ইসলাম।