রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের পৃথক সাক্ষাত্

আপডেট : ২৬ জুলাই ২০২১, ০০:৩৯

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাত্ করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ আবু আশরাফ এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান। গতকাল রবিবার সন্ধ্যায় তিন বাহিনীর প্রধানগণ বঙ্গভবনে পৃথকভাবে গিয়ে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আবদুল হামিদের সঙ্গে দেখা করেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

সাক্ষাত্কালে রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের সদস্যদের ঈদের শুভেচ্ছা জানান। তিন বাহিনীর প্রধানগণ করোনা ভাইরাস মহামারি মোকাবিলা এবং নিজ নিজ বাহিনীর উন্নয়নে গৃহীত নানা পদক্ষেপও রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।