সজল-সারিকার ‘পরাণের মানুষ’

আপডেট : ২৬ জুলাই ২০২১, ১৯:০৬

সমুদ্রের জেলে বিধু আর মালার একমাত্র মেয়ে কিরন। মালা তার মেয়েকে স্কুলে পড়িয়েছে। কিরন দেখতে খানিকটা আলাদা। কিরনের সঙ্গে উমন নামের একটা ছেলের খুব ভাব আছে। উমন কাজ করে স্থানীয় এক আড়তে। উমন একদিন একটা অদ্ভুত খবর নিয়ে আসে। ঢাকা থেকে কারা যেনো এসেছে কিরনের খোঁজে। তখনই আমরা জানতে পারি কিরন মালার মেয়ে নয়। অনেক বছর আগে সমূদের পাড়ে কিরনকে খুঁজে পায় নিঃসন্তান জেলে দম্পতি। তারপর থেকে কিরন এদের কাছেই বড় হয়। এতো বছর পর কাকতালীয়ভাবে কিরনের আসল বাবা তাদের মেয়ের খোঁজ পান। কিরনকে সঙ্গে নিতে চান। কিরন যেতে চায় না। কিরন রিসোর্টে এসে বাবার কাছ থাকে কয়েকটা দিন। উমন রোজ এসে কিরনের সঙ্গে দেখা করে। বাবা কিরনকে বুঝাতে চেষ্টা করে। ঢাকায় নিয়ে কলেজে ভর্তি করাবে বলে। এমন গল্পে এগোবে ‘পরাণের মানুষ’ নাটক।

মাসুম শাহরীয়ারের রচনায় ‘পরাণের মানুষ’ পরিচালনা করেছেন দীপু হাজরা। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, সারিকা সাবরিন, মাসুম বাশার, বৈদ্যনাথ সাহা রাশেদা রাখী, নাছিম রেজা শোভন, এসএইচ সুমন প্রমুখ।

নাটকটি সম্পর্কে নির্মাতা দীপু হাজরা বলেন, ‘রাজ মাল্টিমিডিয়ার ব্যানারে কক্সবাজারের শুটকি পল্লীসহ বিভিন্ন লোকেশনে চিত্রায়ীত হয়েছে। ‘পরাণের মানুষ’ নাটকের গল্পটি চমৎকার। এটি মূলত প্রেমের গল্পনির্ভর নাটক। সজল, সারিকাসহ সবাই অসাধারণ অভিনয় করেছে। আশাকরি নাটকটি দর্শকদের ভালো লাগবে।’

এনটিভির ঈদের বিশেষ এটি প্রচারিত হবে বুধবার রাত ১১টায়।

ইত্তেফাক/বিএএফ