আশি-নব্বই দশক কিংবা তারও আগের স্মৃতিতে জড়িয়ে আছে বিভিন্ন খাবার। বিভিন্ন মেলা কিংবা বাড়ি বাড়ি গিয়ে ফেরি করে বেড়ানো মানুষগুলোর থেকে কিনে খাওয়া সেই খাবারগুলো নস্টালজিক করে তোলে আমাদের। এমন কিছু খাবার সহজে ঘরে তৈরি করার রেসিপি দিয়েছেন আলভী রহমান শোভন
তিলের নাড়ু
উপকরণ :তিল ১ কাপ, চিনি ১/৩ কাপ, মধু ১/৪ কাপ।
প্রণালি :প্যানে তিল ভেজে নিন। অন্য একটি প্যানে চিনি এবং মধু দিয়ে মৃদু আঁচে ভালোভাবে নাড়ুন। ভাজা তিল দিয়ে ভালো করে নেড়ে চুলা বন্ধ করুন। এবার হাতে ঘি মেখে তিলের মিশ্রণটি গরম থাকা অবস্থায় অল্প অল্প করে নিয়ে হাতে গড়িয়ে নাড়ুর মতো গোল গোল করে নিন।
বালুশাই
উপকরণ :ময়দা দেড় কাপ, বেকিং সোডা ১/৪ চা চামচ, ঘি ১/৩ কাপ, ফেটানো টক দই ১/৩ কাপ, চিনি ২ কাপ, পানি ১ কাপ, মাওয়া ১ কাপ, লেবুর রস ২ টেবিল চামচ, পেস্তা বাদাম কুঁচি ২ টেবিল চামচ, পরিমাণমতো তেল ভাজার জন্য।
প্রণালি :ময়দা এবং বেকিং পাউডার চেলে নিন। এর সঙ্গে ঘি এবং দই মিশিয়ে আলতো করে মথে ৩০ মিনিট ঢেকে রাখুন। একটি পটে পানি এবং চিনি দিয়ে সিরা তৈরি করুন। সিরা হয়ে এলে লেবুর রস দিন। এবার ময়দার ময়ান থেকে অল্প অল্প করে নিয়ে চ্যাপ্টা করে গড়ে মাঝারি আঁচে তেলে দুই পাশ বাদামি করে ভেজে নিন। সিরায় ডুবিয়ে রাখুন ২ ঘণ্টা। এবার সিরা থেকে তুলে মাওয়াতে গড়িয়ে উপরে পেস্তা কুঁচি ছড়িয়ে পরিবেশন করুন।
খাজা
উপকরণ :ময়ানের জন্য— ময়দা ২ কাপ, ঘি ২ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ, লবণ ১/৪ চা চামচ, সয়াবিন তেল ১/২ কাপ। সিরার জন্য— চিনি ২ কাপ, পানি ১ কাপ, এলাচ গুঁড়া ১/২ চা চামচ।
প্রণালি :প্রথমে ময়ানের উপকরণগুলো ভালোভাবে মেখে সামান্য ভেজা কাপড় দিয়ে ১৫ মিনিট ঢেকে রাখুন। এবার গোল করে ৪টি লেচি কেটে নিন। এবার বেলে চারটি লুচি একটার উপর আরেকটা রেখে রোল করে নিন। এই রোল লম্বালম্বি সমান চার ভাগে কেটে নিয়ে আলতো করে একবার বেলে নিন। খেয়াল রাখবেন তা যেন লম্বা আকৃতির থাকে। এবার একটি প্যানে তেল দিন। তেল গরম হলে খুব সাবধানে খাজাগুলো ভেজে নিন। অন্য একটি পাত্রে ফুটন্ত পানিতে এলাচ গুঁড়া আর চিনি দিয়ে ভালোভাবে নেড়ে সিরা বানিয়ে নিন। ১০ মিনিট সিরাতে ডুবিয়ে রেখে খাজা পরিবেশন করুন।
কটকটি
উপকরণ :চিনি ১/২ কাপ, পানি ৪ টেবিল চামচ, বেকিং সোডা দেড় চা চামচ।
প্রণালি :চুলায় প্যান বসিয়ে মৃদু আঁচে গরম করে চিনি এবং পানি দিয়ে অনবরত নাড়ুন। চিনি গলে বাদামি হয়ে এলে বেকিং সোডা ঢেলে ঘন ঘন নাড়ুন। মিশ্রণটি ফুলে উঠলে দ্রুত চুলা বন্ধ করে বেকিং পেপারে ঢেলে আধা ঘণ্টা অপেক্ষা করুন। ঠান্ডা হয়ে এলে ভেঙে পরিবেশন করুন।
