লন্ডনে ভারী বৃষ্টিপাতে বন্যা, ডুবে গেছে রাস্তাঘাট, রেল স্টেশন

আপডেট : ২৬ জুলাই ২০২১, ২২:৪৪

লন্ডনে কয়েক দফা ভারী বৃষ্টিপাতে বন্যা দেখা দিয়েছে। রাস্তাঘাট ডুবে গেছে। পানিতে তলিয়ে গেছে পাতাল রেল স্টেশনও। এমনকি হাসপাতালের ভেতরে পানি প্রবেশ করায় রোগীদের সেবায়ও বিঘ্ন ঘটছে। অনেক বাস স্টেশন ও রেল স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। খবর সিএনএন ও বিবিসির

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, রবিবারের একটানা বৃষ্টিপাতে রাস্তা ডুবে যাওয়ায় অনেক গাড়ি আটকা পড়েছে। বিশেষ করে লন্ডনের কেন্দ্রীয় নর্থ সার্কুলার রোড পানিতে ডুবে যাওয়ায় গাড়ি চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে। পুরো পরিবহন নেটওয়ার্কই বিপর্যস্ত হয়ে পড়েছে। রেল নেটওয়ার্কের অনেক টিউবই এখন বন্ধ হয়ে গেছে। লন্ডনের নিউহ্যাম ইউনিভার্সিটি হসপিটাল এবং হুইপস ক্রস ইউনিভার্সিটি হসপিটালে বন্যার পানি প্রবেশ করায় রোগীও আসা-যাওয়া করতে পারছে না। সেবায় মারাত্মক বিঘ্ন ঘটছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া ভিডিওতে দেখা গেছে, ওয়ার্কস্টার এলাকায় বন্যার পানিতে অনেক গাড়ি আটকা পড়েছে। নৌকা দিয়ে অনেককে উদ্ধার করা হয়েছে। লন্ডনের ফায়ার ব্রিগেড জানিয়েছে, বন্যায় আক্রান্ত হয়ে বিপদে পড়েছেন এমন ৬০০টি জরুরি কল পাওয়া গেছে। ভারী বৃষ্টিপাতে লন্ডনের ব্ল্যাকওয়েল টানেল ও নর্থ সার্কুলারের কিছু অংশসহ বেশ কয়েকটি এলাকার সড়কে যাতায়াত বন্ধ হয়ে গেছে। পূর্ব লন্ডনের উডফোর্ড এলাকার একটি রাস্তার বাসিন্দাদের বালতি দিয়ে বাসা থেকে পানি বের করতে দেখা গেছে।