চীনকে শত্রু বিবেচনা করায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে অবনতি

আপডেট : ২৭ জুলাই ২০২১, ০০:৩৭

চীন অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র শত্রু হিসেবে বিবেচনা করায় দুই দেশের মধ্যে সম্পর্কে অবনতি হয়েছে। চীন সফররত দ্বিতীয় শীর্ষ মার্কিন কূটনীতিক ডেপুটি সেক্রেটারি অব স্টেট ওয়েন্ডি শেরম্যানের সঙ্গে বৈঠকের পর চীনা ভাইস ফরেন মিনিস্টার জিয়ে ফেং এই অভিযোগ করেন। তিনি বলেন, চীনকে ‘কল্পনাপ্রসূত শত্রু’ মনে করে যুক্তরাষ্ট্র। দেশটিকে চীনের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করারও আহ্বান জানানো হয়েছে বলে তিনি জানান। জিয়ে বলেন, নিজেদের কাঠামোগত সমস্যার দোষ যুক্তরাষ্ট্র চীনের ওপর চাপাতে চায়। গতকাল দুই দিনের চীন সফর শেষ করেন ওয়েন্ডি শেরম্যান। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের গোপনে চীন সফরের ৫০ বছর পর এই প্রথম দ্বিতীয় শীর্ষ মার্কিন কূটনীতিক চীন সফর করলেন। হংকং ও উইঘুর মুসলিম ইস্যুতে দুই দেশ একে অপরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা-পালটা নিষেধাজ্ঞা দিচ্ছে। —বিবিসি