আতিকুরের স্টোরেজ সেবা ‘রাখিবো’

আপডেট : ২৭ জুলাই ২০২১, ২০:১৯

 

আপনি কয়েক মাসের জন্য শহর থেকে গ্রামে কিংবা বিদেশ ভ্রমনে যাচ্ছেন, তখন আপনি আপনার মালামাল রাখবেন কোথায়? এই নিয়ে হরহামেশাই পড়তে হয় ঝামেলায়। কেমন হয় যদি আপনার ঘরের সকল আসবাবপত্র এক মাসের জন্য রাখার নিশ্চয়তা দেন কোনো প্রতিষ্ঠান কিংবা আপনার ব্যবসায়ের সামগ্রী  রাখার জন্য আলাদা রুম না নিয়ে যদি একটা প্রতিষ্ঠানের কাছে রাখা যায়?  বলছি ‘রাখিবো’র কথা। নূন্যতম চার্জের বিনিময়ে আপনার যে কোনো পণ্য নিশ্চিন্তে রাখার সুযোগ পাবেন। ‘রাখিবো’ একটি স্টোরেজ সেবাদানকারী  প্রতিষ্ঠান। ফার্নিচার, ডকুমেন্টস, অফিসের আসবাব অথবা যে কোনো লিগ্যাল মালামাল রাখিবো’র কাছে ষ্টোর করা যায় স্বল্প কিংবা দীর্ঘ সময়ের জন্য।

রাখিবো’র নেপথ্যের মানুষটা হলেন জিএম আতিকুর রহমান। যার শৈশব কেটেছে রুটিনমাফিক। ছোটবেলা থেকেই বিজ্ঞান নিয়ে আগ্রহের শেষ ছিল না। নিজের সব খেলনা ভেঙ্গে কত হাবি-জিবি বানিয়েছেন তার হিসাব নেই। বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে শেষবর্ষে অধ্যয়নরত।

উদ্যোগটার পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে  আতিক জানান, একদিন এক সহপাঠী পরামর্শ চেয়ে বসলো যে তাদের প্রতিমাসে বাসা ভাড়া দিতে হচ্ছে বাসায় না থেকেও। তাদের মালামাল নিজ দায়িত্বে রেখে সাহায্য করতে গিয়েই রাখিবো’র আইডিয়াটা মাথায় আসে। তিন জন মিলে শুরু করলেও বর্তমানে আতিকুরের একাই সামলাতে হচ্ছে পুরোটা।   তবে এখন রাখিবো’র কাজে সহায়তা করে যাচ্ছেন কয়েকজন সহপাঠী এবং তিন জন বেতনভুক্ত কর্মী। এছাড়া কাজ করে যাচ্ছে রাখিবো’র টেকনিক্যাল টিম। এছাড়া ১২ জন ফ্রিল্যান্সার লেবার কাজ করছে রাখিবো’তে। পরিবহনের ক্ষেত্রে ট্রাক লাগবে,পাঠাও, উবার ব্যবহার করছে নিজেদের সুবিধা অনুযায়ী। 

সেবা নেওয়ার জন্য প্রথমে rakhibo.com ওয়েবসাইটে গিয়ে বুকিং করতে হবে। এছাড়া কল, মেসেজ করে এপয়েনমেন্ট বুক করার ব্যবস্থাও রয়েছে। এরপর স্টাফ চলে যায় সেবা গ্রহণকারীর ঠিকানায়। ওয়ারহাউজে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও সেই একইভাবে বুকিং দিলে তারা দিয়ে আসবে অথবা গ্রাহক নিয়ে যেতে পারবে ‘রাখিবো’ ওয়ারহাউজ থেকে।

এ ধরনের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে আতিকুর জানান, এই সেবাটি তাদের জন্যই মূলত যারা কয়েক মাসের জন্য বাড়ি থেকে দূরে যাচ্ছে অথবা ভ্রমণে যাচ্ছে অথবা মালামাল রাখার জায়গা সঙ্কট বোধ করছে।

বিশেষ করে শিক্ষার্থী ও ব্যাচলররা খুব ভালোভাবে আমাদের সেবাটি গ্রহণ করছে।

লেখাপড়া আর কাজকর্ম অনলাইন ভিত্তিক হয়ে যাওয়ায় সবাই নিজ বাড়ি থেকে লেখাপড়া করছে বলেও অনেকে রাখিবো’তে স্টোর করছে তারা। আমাদের স্টোরেজ সেবাটির কারণে তাদের বাসা ভাড়া দিতে হচ্ছে না, এতে প্রায় ৯০ শতাংশ টাকা সঞ্চয় হচ্ছে। এছাড়াও অনেক পরিবার, ক্ষুদ্র ব্যবসায়ী, আইটি অফিসগুলো আমাদের সেবা বেশি নিচ্ছে এই করোনাকালে। আমরা বর্তমানে পাঁচ শতাধিক পরিবার এবং প্রতিষ্ঠানকে আমাদের সেবা দিচ্ছি।

ভবিষ্যতে লেখাপড়া শেষ করে পুরোদমে ‘রাখিবো’ নিয়ে কাজ করার ইচ্ছা এই তরুণ উদ্যোক্তার। রাখিবো’তে আরও বেশ কিছু সেবা যুক্ত করার জন্য কাজ করে যাচ্ছেন তিনি।