দুই দেশের তরুণ উদ্যোক্তাদের নতুন সুযোগ ও উদ্ভাবনী ধারণার সম্মিলন ঘটানোই উদ্দেশ্য

আপডেট : ২৭ জুলাই ২০২১, ২০:২২

তথ্যপ্রযুক্তিসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে তরুণ উদ্যোক্তরাই আগামী দিনে বড় ভূমিকা রাখতে পারেন। এই ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশ ভারতের তরুণ উদ্যোক্তাদের চিন্তার সমন্বয় হলে সৃজনশীলতা ও উদ্ভাবনীর ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হবে।

‘শতবর্ষে শত আশা। রাইজ আপ’ শিরোনামে ওয়েবিনার সিরিজের প্রথমটির উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক এই অভিমত ব্যক্ত করেন। এতে বিশেষ অতিথি ছিলেন ভারতীয় হাই কমিশনার বিক্রম কে দুরাইস্বামী।

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড এবং ভারতীয় হাইকমিশনারের যৌথ উদ্যোগে আয়োজিত মোট ছয় পর্বের এই সিরিজের প্রথমটি সম্প্রতি উদ্বোধন করা হয়। এই ওয়েবিনার সিরিজে বাংলাদেশ ও ভারতের প্রায় ১২০০ জন তরুণ উদ্যোক্তাসহ বিশেষজ্ঞরা অংশ নিবেন। চলতি বছরের আগস্ট থেকে ডিসেম্বর ২০২১ সাল পর্যন্ত আরও পাঁচটি পর্ব অনুষ্ঠিত হবে। মুজিব বর্ষের স্মরণে, বাংলাদেশের স্বর্ণজয়ন্তী এবং ভারতের স্বাধীনতার ৭৫তম বার্ষিকী উপলক্ষে এই ওয়েবিনার সিরিজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জুনাইদ আহমেদ পলক এমপি আরও বলেন, ‘গত ২৬ শে মার্চ এক ভাষণে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের ৫০ জন তরুণ উদ্যোক্তাকে ভারত সফরের আমন্ত্রণ জানাবেন বলে উল্লেখ করেছিলেন। আমিও ভারত থেকে আমাদের তরুণ উদ্যোক্তাদের বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানাতে চাই। এরকম হলে উভয় দেশের তরুণরা নতুন আইডিয়া প্রদানে আরও অণুপ্রাণিত হবেন।’ ভারতীয় হাই কমিশনার বিক্রম কে দুরাইস্বামী বলেন, আগামী ছয় মাসের মধ্যে রাইজআপ প্ল্যাটফর্মটি ভারত ও বাংলাদেশ থেকে পরামর্শদাতা, উদ্ভাবক, উদ্যোক্তা, বিনিয়োগকারীদের সম্মিলন ঘটাবে। এই প্ল্যাটফর্মটি একটি ‘ফলপ্রসু’ ও ক্রস-লার্নিং সুযোগ’ সৃষ্টি করবে; যা উভয় দেশের মেধাবী উদ্যোক্তাদের, বিশেষত তরুণ উদ্ভাবকদের উপকারে আসবে।