ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রাস্তা বেড়িবাঁধ নির্মাণের সময় খালে পরিণত হয়। স্থানীয় যুবকদের শ্রমে সাঁকোর ব্যবস্থা হলেও উচ্চপদস্থ কর্মকর্তারা এখানে একটি সেতু তৈরি করে দিতে চেয়েছিলেন। কিন্তু বেড়িবাঁধের বাইরের রাস্তা—এই অজুহাতে কেউ এগিয়ে আসেননি। এই সাঁকো দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষের যাতায়াত। শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে সাঁকো পার হয়। জেলেরা এ পথ অতিক্রম করেই নদীতে মাছ ধরতে যান। সাঁকো অতিক্রমে সাধারণ মানুষের কষ্টের শেষ নেই। বলতে গেলে ভারী মালামাল পরিবহন একদম বন্ধ। দু দিন আগে একটি লাশ বেড়িবাঁধে নিতে মানুষের কষ্টের শেষ ছিল না।
বিশেষ করে প্রতিবছর বর্ষাকালে অবস্থা শোচনীয় হয়ে পড়ে। মেঘনা নদীর জোয়ার এসে সাঁকোটিকে কয়েকবার ভেঙেছে। এই যে সাধারণ মানুষের কষ্ট, তা দূর করতে প্রয়োজন একটি সেতু। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
উসমান বিন আবদুল আলিম
দৌলতখান, ভোলা
