একজন শিল্পী হিসেবে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে চিত্রনায়িকা পূর্ণিমা তার অভিনয়জীবনের শুরু থেকেই নানা ধরনের কল্যাণমূলক কাজ করে আসছেন। নিজের পেশাগত কাজের পাশাপাশি তিনি দেশের জন্য, দেশের মানুষের জন্য এই ধরনের কাজ করে থাকেন। সেই ধারাবাহিকতায় এবার ভিন্ন একটি সামাজিক দায়বদ্ধতামূলক কাজ করেছেন পূর্ণিমা। ইউনিসেফ বাংলাদেশর সচেতনতামূলক কাজ ‘ক্যাঙ্গারু মাদার কেয়ার’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। আর বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন গুণী বিজ্ঞাপন নির্মাতা সৈয়দ আপন আহসান। প্রথমবারের মতো এই ধরনের সচতেনতামূলক কাজে নিজেকে সম্পৃক্ত করেছেন পূর্ণিমা। এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘শুধু আমাদের দেশেই নয়, পৃথিবীর অনেক দেশেই প্রি-ম্যাচিউরড বেবি জন্ম নেয়। সাধারণত যাদের অর্থনৈতিক সামর্থ্য আছে, তারা যথাযথভাবে এমন প্রি-ম্যাচিউরড বেবির চিকিত্সা করাতে পারেন। কিন্তু যারা অর্থনৈতিকভাবে সচ্ছল নয়, তাদের জন্যই মূলত এই ক্যাঙ্গারু বেবি কেয়ার সিস্টেম। যথাযথভাবে নিয়ম মেনে ক্যাঙ্গারু বেবি কেয়ার ফলো করা হলে প্রি-ম্যাচিউরড বেবি সুস্থভাবে বেড়ে উঠতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুব কার্যকরী হবে বলেই আমি মনে করি। একজন মা হিসেবে সবার মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই আপন ভাইয়ের অনুপেরণায় আমি এ কাজটি করেছি। এমন একটি কাজের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে ভীষণ ভালো লাগছে আমার।’
