নারী পাচার চক্রের হোতা আজমের জামিন স্থগিতই থাকছে

আপডেট : ২৭ জুলাই ২০২১, ২১:৫৪

ইত্তেফাক রিপোর্ট

মানব পাচারের মামলায় আন্তর্জাতিক নারী পাচার চক্রের অন্যতম হোতা আজম খানকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছে আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি ওবায়দুল হাসান গতকাল মঙ্গলবার জামিন স্থগিতের আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত্ দেবনাথ এবং আসামির পক্ষে জয়নুল আবেদীন শুনানি করেন।

দুবাই পুলিশের তথ্যের ভিত্তিতে গত বছরের আগস্ট মাসে নারী পাচারকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতারের কথা জানায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এই পাঁচ জনের মধ্যে অন্যতম হলেন দুবাইয়ের হোটেল ব্যবসায়ী বাংলাদেশি নাগরিক আজম খান। এদের মধ্যে তিন জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।