বিধিনিষেধ ৫ আগস্ট পর্যন্ত থাকছে

আপডেট : ২৭ জুলাই ২০২১, ২২:৫৭

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারঘোষিত চলমান বিধিনিষেধ আগামী ৫ আগস্ট পর্যন্ত চলবে। গতকাল মঙ্গলবার দুপুরে করোনা নিয়ন্ত্রণে করণীয় নিয়ে বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

করোনা ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় বিপর্যস্ত অবস্থায় রয়েছে দেশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ আরোপ করা হলেও সংক্রমণ-মৃত্যু কোনোটিই কমছে না। এই পরিস্থিতিতে করণীয় ঠিক করতে গুরুত্বপূর্ণ এই বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার দুপুরে মন্ত্রিপরিষদ সভাকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক,  মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, পুলিশ প্রধান, বিজিবি প্রধানসহ সংশ্লিষ্ট দপ্তর ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সভার সিদ্ধান্ত নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, করোনা ভাইরাসজনিত পরিস্থিতি নিয়ে পর্যালোচনা এবং প্রতিরোধে টিকা কার্যক্রম নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে—আমাদের যে লকডাউন চলছে তা ৫ আগস্ট পর্যন্ত চলতে থাকবে। যদিও আমাদের শিল্পপতিরা এবং অনেকেই রিকোয়েস্ট করেছিলেন, আমরা সেই রিকোয়েস্ট বোধহয় গ্রহণ করতে পারছি না। তিনি আরো বলেন, আমরা আশা করছি অন্য দেশের মতো সংক্রমণ ধীরে ধীরে কমে আসবে।

এর আগে ৩০ জুন প্রজ্ঞাপন জারি করে ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় কিছু শর্ত যুক্ত করা হয়। বিধিনিষেধ বাস্তবায়নে সেনাবাহিনীর সঙ্গে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে মাঠে নামানো হয়। করোনা সংক্রমণ না কমায় বিধিনিষেধের (লকডাউন) মেয়াদ ধাপে ধাপে আরো বাড়ানো হয়।