প্রাণিজাত খাদ্যের বহুমুখীকরণ ও রপ্তানিতে সরকার জোর দিচ্ছে —মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

আপডেট : ২৮ জুলাই ২০২১, ০০:৩৪

পোলট্রি ও ডেইরি খাতের সাফল্যের কারণে প্রাণিজাত খাদ্যের বহুমুখীকরণ ও রপ্তানিতে সরকার জোর দিচ্ছে বলে জানিয়েছেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, গুণগত মানসম্পন্ন ও নিরাপদ প্রাণিজাত পণ্য উত্পাদন এক্ষেত্রে একটি চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ উত্তরণে আন্তর্জাতিকমানের প্রাণিসম্পদ উত্পাদন উপকরণ ও প্রাণিজাত খাদ্যের মান নিয়ন্ত্রণে গবেষণাগার স্থাপন করা হয়েছে। পাশাপাশি সরকার এ খাতের উদ্যোক্তাদের কর অব্যাহতিসহ নানা সুবিধা দিচ্ছে।

গতকাল মঙ্গলবার সার্ক কৃষি কেন্দ্র আয়োজিত সার্ক অঞ্চলে প্রাণিসম্পদ ও প্রাণিজাত পণ্যের আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে গাইডলাইন ও পলিসি সমন্বয় সংক্রান্ত আঞ্চলিক বিশেষজ্ঞদের এক ভার্চুয়াল পরামর্শক সভার উদ্বোধন পর্বে সচিবালয়ের নিজ দপ্তর কক্ষ থেকে সংযুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. বক্তীয়ার হোসেনের সভাপতিত্বে সভার উদ্বোধন পর্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার ও ভুটানের কৃষি ও খাদ্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মহাপরিচালক ড. তাশি সামদুপ। স্বাগত বক্তব্য রাখেন সার্ক কৃষি কেন্দ্রের সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (প্রাণিসম্পদ) ড. আশীষ কুমার সামন্ত।