মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ‘লাল তালিকাভূক্ত’ দেশে ভ্রমণকারী নিজ নাগরিকদের বিরুদ্ধে হুমকি দিয়েছে সৌদি আরব। বলেছে, কেউ এসব দেশে ভ্রমণ করলে তার ওপর তিন বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২৭ জুলাই) সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সৌদির যে নাগরিকরা করোনার ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ‘লাল তালিকাভূক্ত’ দেশ সফর করেছেন তারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন।
নাম প্রকাশ না করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, গত বছরের মার্চের পর চলতি বছরের মে মাসে প্রথমবারের মতো কর্তৃপক্ষের পূর্ব অনুমতি ছাড়া কিছু নাগরিক বিদেশ ভ্রমণের সুযোগ পেয়েছেন। মূলত তারাই করোনা বিধি লঙ্ঘন করেছেন।
কারও বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে দেশে ফেরার পর তাকে আইনি জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। একইসঙ্গে মোটা অঙ্কের জরিমানা করা হবে। পাশাপাশি তিন বছরের ভ্রমণ নিষেধাজ্ঞাও আরোপ করা হবে, যোগ করেন তিনি।
ইত্তেফাক/টিএ
