পাবনায় আরটি পিসিআর ল্যাব উদ্বোধন

আপডেট : ২৮ জুলাই ২০২১, ২১:১১

পাবনা প্রতিনিধি

পাবনায় বুধবার দুপুরে করোনা পরীক্ষার আরটি পিসিআর ল্যাব উদ্বোধন করা হয়েছে। ল্যাব উদ্বোধন করেন পাবনা সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স।  পাবনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. বুলবুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, জেলা পরিষদ  চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন প্রমুখ।

পাবনা মেডিক্যাল কলেজ অধ্যক্ষ ডা. বুলবুল হাসান বলেন, সারা দেশে ২০টি  মেডিক্যাল কলেজ হাসপাতালে এই আরটি পিসিআর ল্যাব স্থাপনের কাজ চলছে। এগুলোর মধ্যে পাবনার এই ল্যাবটি প্রথম চালু হলো। তিনি বলেন, আরটি পিসিআর ল্যাবগুলোর জন্য জনবল নিয়োগ প্রক্রিয়াধীন থাকলেও পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের ব্যক্তিগত আর্থিক সহায়তা নিয়ে জনবলের বেতন নির্বাহ করা হবে। উদ্বোধনী দিনে সংসদ সদস্য জনবলের বেতনের জন্য ২ লাখ টাকার চেক হস্তান্তর করেছেন। এই ল্যাব থেকে প্রতি দিন ৯৪টি নমুনা পরীক্ষা করা যাবে। তবে লোকবল বাড়ালে আরো বেশি নমুনা পরীক্ষা সম্ভব হবে।