পিরোজপুর অফিস
গতকাল বুধবার পিরোজপুরে প্রখ্যাত মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধে নবম সেক্টরের সুন্দরবন সাব সেক্টর কমান্ডার মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদের চতুর্থ মৃত্যুবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়। চার বছর আগে ২০১৭ সালের ২৮ জুলাই মুক্তিযুদ্ধে কিংবদন্তি সেনানায়ক সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ৬৮ বছর বয়সে ইন্তেকাল করেন। জিয়াউদ্দিন আহমেদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মরহুমের প্রতিষ্ঠিত আফতাব উদ্দিন কলেজের উদ্যোগে বাদ আসর স্বাস্থ্যবিধি মেনে আলোচনাসভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও মরহুমের সহধর্মিণী কানিজ মাহমুদা আহমেদসহ শহরের বিশিষ্ট ব্যক্তিগণ, কলেজের শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়া পারিবারিক জামে মসজিদে কোরআন খতম, মরহুমের মাগফিরাত কামনা করে দোয়া-মাহফিল এবং মরহুমের কবরে শহরের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। শহরের বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাত এবং সন্ধ্যায় মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়।
