পরিণতি

আপডেট : ২৯ জুলাই ২০২১, ২১:০৮

আঁধার কালো নাও কিনারে এসে ভেড়ে

পাখিটা চলে যাবে নিখিল মায়া ছেড়ে

আদর সমাদর করেছি তাকে কত—

নিখুঁত ভালোবাসা দিয়েছি অবিরত।

 

বুকের ভিতরে সে, যতনে আছে শুয়ে

নীরবে যাবে চলে শূন্য খাঁচা থুয়ে

নিদয় জীবতারা ভীষণ অভিমানী

বিদায় নিলে আর আসে না ফিরে জানি।

 

মানব জীবনের সকল থেকে দামি

আমার আত্মাকে দেইনি ব্যথা আমি

তবুও চলে যাবে, না বলে কোনো কথা

আমার প্রিয় পাখি হারিয়ে সজীবতা।

 

আঁধারে লুকালে সে আলোকে আসবে না

পৃথ্বী উল্লাসে ভেলাতে ভাসবে না

মূর্খ ফেরাউন দম্ভ ছিলো অতি

বোঝেনি হবে তার করুণ পরিণতি।