বছরের পর বছর ঢাকাই সিনেমার সংখ্যা কমছে। শুধু তাই নয়, পাশাপাশি সিনেমা মুক্তির নেই কোনো ধারাবাহিকতা। কোনো মাস কাটছে ছবি শূন্য অবস্থায়। আবার কোনো মাসে এক সপ্তাহে মুক্তি পাচ্ছে একাধিক ছবি। একই সপ্তাহে একাধিক ছবি মুক্তির বিষয় আশার কথা হলেও হল সঙ্কটের এই সময়ে ভাগাভাগি হয়ে হলগুলো। যার অন্যতম কারণ থাকে পূর্ব পরিকল্পনা ছাড়া মুক্তি। সমস্যাটা মাঝে মাঝে আরো বিতর্কের সৃষ্টি করে। কারণ কোনো ছবি মুক্তি পায় প্রায় একশ’ হলে, আবার কোনো ছবির ভাগে পড়ে মাত্র ২-৩টি হল। এমন ঘটনা গত কয়েক বছরে প্রায়ই দেখা গেছে। চলতি বছরে প্রথম মাসটা গেল অবেহেলিত। দুটি ছবি মুক্তি পেলেও সেগুলো যেন দায় সারা অবস্থায় গিয়ে ঠেকেছিল। এরমধ্যে রয়েছে জয়া আহসান অভিনিত ‘বিসর্জন’। কলকাতার এই ছবিটি সাফটা চুক্তির মধ্য দিয়ে মুক্তি পায় এদেশে। অথচ ছবিটি প্রায় ৮ মাস আগে মুক্তি পায় কলকাতায়। যা এরইমধ্যে ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশের দর্শকরা দেখে ফেলেই আগে। যার ফলে ছবিটি মুক্তির পর হলে ছিল না দর্শক। সাফটা চুক্তির মাধ্যমে পুরোনো সিনেমা মুক্তির সমস্যাটি বরবারই হয়ে যাচ্ছে। এ নিয়ে সংশ্লিষ্টদের কোনো কার্যক্রম এখনো দেখা যায়নি। অন্যদিকে ‘আই অ্যাম রাজ’ নামের একটি ছবি মাত্র ৪টি হলে মুক্তি পায়। ৪ বছর আগে নির্মাণ করা এই ছবিটি নীরবেই মুক্তি পেয়ে প্রথম সপ্তাহে হল থেকে নেমে যায়। ইন্ডাস্ট্রির এই সময়ে এমন সিনেমাগুলো যেন কেবলই ‘ছবি মুক্তি’র ট্যাগ লাগানো ছাড়া কিছুই নয়।
সিনেমা নির্মাণে হার দিনদিন কমা ও হল প্রসঙ্গে পরিচালক সমিতির বর্তমান মহাসচিব বদিউল আলম খোকন বলেন, ‘বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে আমাদের ইন্ডাস্ট্রি যাচ্ছে। হলের মেশিন বসানো নিয়ে সমস্যার কারণে অনেকে ছবি নির্মাণ করছেন না। টেকনিক্যাল বিষয়গুলোও রয়েছে। চলচ্চিত্রের সব সমিতিগুলো এ নিয়ে বর্তমান তথ্যমন্ত্রীর সাথে আমরা কথা বলবো। আশা করি আমরা এই সমস্যা সমাধান করতে পারবো। কারণ সরকারের আওতায় হলগুলো থাকলে সেখানে সবাই স্বাধীনভাবে ছবি মুক্তি দিতে পারবেন। এতে করে সিনেমার সংখ্যাও আরো বাড়বে।’
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কোনো সিনেমা মুক্তি পায়নি। হলগুলোর ভরসা এখন পুরোনো সিনেমা। তাই ঢাকা ও ঢাকার বাইরে পুরোনো ছবিগুলো চালাচ্ছে। তবে দ্বিতীয় সপ্তাহ থেকে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত এখন পর্যন্ত ৫টি সিনেমা মুক্তি পাবে বলে জানা গেছে। আগামীকাল মুক্তি পাবে দুটি সিনেমা। এরমধ্যে রয়েছে শামীমুল ইসলাম শামীমের ‘আমার প্রেম আমার প্রিয়া’। ছবিটিতে অভিনয় করেছেন কায়েস আরজু ও পরীমণি। অন্যদিকে রয়েছে ‘দাগ হূদয়ে’। তারেক শিকদার পরিচালিত এই ছবিটির মধ্য দিয়ে বাপ্পী চৌধুরী ও বিদ্যা সিনহা মীমকে জুটি হিসেবে দেখা যাবে। আগামী সপ্তাহেও মুক্তি পাবে দুটি সিনেমা। ১৫ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’।
ছবিটিতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, সিয়াম আহমেদ প্রমুখ। এছাড়াও একই দিনে মুক্তি পাবে ‘রাত্রির যাত্রী’। হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত এই ছবিতে দেখা যাবে মৌসুমী ও আনিসুর রহমান মিলনকে। শেষ সপ্তাহে শুক্রবার মুক্তি পাবে ‘অন্ধকার জগত্’। ডিএ তায়েব ও মাহী অভিনীত ছবিটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। চলতি মাসে ৫টি ছবি থাকলেও পরের মাসে ক’টি সিনেমা মুক্তি পাচ্ছে তা এখনো জানা যায়নি। তাই বছর শেষে হয়তো গতবছরের চেয়ে এবার সিনেমার সংখ্যা আরো কমবে।
মাহীর বছরের প্রথম সিনেমা ‘অন্ধকার জগত্’। মুক্তি পাবে মাসের শেষ সপ্তাহে
