সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৯ জুলাই ২০২১, ২১:৩২

করোনার সংক্রমণ রোধে সভা

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা হোমনায় করোনা সংক্রমণ রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং মাদক, জুয়াসহ সার্বিক বিষয়ে সমাধান ও করণীয় বিষয়ে বৃহস্পতিবার মাসিক আইনশৃঙ্খলা কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে সভা পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দের সভাপতিত্বে জুমে সংযুক্ত থেকে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ও সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম প্রমুখ।

আর্থিক অনুদানের চেক বিতরণ

কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা কাহারোলে বিভিন্ন রোগে আক্রান্তদের মধ্যে বৃহস্পতিবার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে কাহারোল উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড, জন্মগত হূদরোগ ও ফ্যালাসিমিয়া রোগীদের মধ্যে অনুদানের চেক বিতরণ করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

লকডাউনে ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্যসহায়তা বিতরণ

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা চলমান লকডাউনে গোবিন্দগঞ্জে ক্ষতিগ্রস্ত ৭৫টি পরিবারের মধ্যে বৃহস্পতিবার সেনাবাহিনীর পক্ষ থেকে খাদ্যসহায়তাসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। গোবিন্দগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ খাদ্যসহায়তা বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।

মশক নিধন কর্মসূচি উদ্বোধন

বাসাইল (টাঙ্গাইল) সংবাদদাতা করোনা মোকাবিলার পাশাপাশি ডেঙ্গু রোগের বাহক এডিস মশা নির্মূলের লক্ষ্যে বৃহস্পতিবার বাসাইলে মশক নিধন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বাসাইল পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ সকালে পৌর এলাকার বাসস্ট্যান্ড চত্বরের বিভিন্ন নালা এবং মশার বংশ বিস্তার ঘটে এমন জায়গাগুলোতে ওষুধ ছিটিয়ে এ কর্মসূচি উদ্বোধন করেন। এ সময় বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর হোসেন উপস্থিত ছিলেন।

দুস্থদের মধ্যে খাবার বিতরণ

বরিশাল অফিস বরিশাল নগরীতে বুধবার গভীর রাতে অসহায়-দুস্থ ও ছিন্নমূল মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল মহানগরের আয়োজনে এ খাবার ও মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড মোজাম্মেল হক ফিরোজ, নগর ওয়ার্কার্স পার্টির যুগ্ম আহ্বায়ক কমরেড জাকির হোসেন প্রমুখ।

অক্সিজেন সেবা কেন্দ্র উদ্বোধন

জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা করোনায় আক্রান্ত রোগীদের সেবায় জীবননগর শহরে বৃহস্পতিবার অক্সিজেন সেবা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। এছাড়াও এদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার ও অক্সিমিটার দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর অক্সিজেন সেবা কেন্দ্র উদ্বোধনসহ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অক্সিজেন সিলিন্ডার ও অক্সিমিটার তুলে দেন। এ উপলক্ষ্যে জীবননগর বাজারের জেলা পরিষদ দোকান ঘর মালিক সমিতির সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে পৌর ক্যাম্পাসে সভার আয়োজন করা হয়।

জাতীয় শোক দিবসের প্রস্তুতিমূলক সভা

ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা ইসলামপুরে বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে স্বাস্থ্যবিধি মেনে এ সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোরশেদের সভাপতিত্বে সভায় ভার্চুয়াল বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি।