ড. সৈয়দ আব্দুস সামাদের কফিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আপডেট : ২৯ জুলাই ২০২১, ২৩:২৫

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রাক্তন একান্ত সচিব ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মুখ্যসচিব বীর মুক্তিযোদ্ধা ড. সৈয়দ আব্দুস সামাদের কফিনে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী গতকাল বৃহস্পতিবার সকালে বারিধারা জামে মসজিদ ও ইসলামিক সেন্টারে রক্ষিত কফিনে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। ড. সৈয়দ আব্দুস সামাদ বুধবার তার বারিধারাস্থ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৯ বছর। চিরকুমার ড. সামাদ এক দিন আগেই রাজধানীর একটি হাসপাতাল থেকে চিকিত্সা নিয়ে ফেরেন। তিনি মস্তিষ্কের জটিলতা থেকে আরোগ্য লাভের পথে ছিলেন।

তথ্যমন্ত্রীর শোক

ড. সৈয়দ আব্দুস সামাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তথ্যমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। ড. হাছান মাহমুদ শোকবার্তায় বলেন, কর্তব্যে অটল ড. সৈয়দ আব্দুস সামাদ রাষ্ট্রের কর্মকর্তা হিসেবে সততা, প্রজ্ঞা, দক্ষতা ও সাহসীকতার এক অনন্য উদাহরণ হয়ে রয়েছেন। এদেশের মানুষ তার অবদানের কথা সব সময় স্মরণ রাখবে।

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, রাষ্ট্রীয় মর্যাদায় ড. সৈয়দ আব্দুস সামাদের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে গফরগাঁও উপজেলার দীঘা গ্রামে পারিবারিক কবরস্থানে তার মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে দীঘা গ্রামে বাড়ির আঙ্গিনায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মুুক্তিযোদ্ধা ড. সৈয়দ আব্দুস সামাদের দাফনের আগে থানা পুলিশের একটি চৌকশ দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেল, ময়মনসিংহের জেলা প্রশাসক এনামুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।