শুরুতেই হোক পাঠ পরিকল্পনা

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৫২

আরাফাত শাহরিয়ার

 

 

 

 

 

 

 

বছরান্তে নতুন ক্লাসের চৌহদ্দিতে পা রাখা, নতুন বই, নতুন লাগছে সব কিছু? একটুখানি পরিকল্পনা করে নিলে সহজ হয়ে যায় সব পাঠ।  বছরের প্রথম দিনে অনেকেই হাতে পেয়েছে নতুন শ্রেণির নতুন বই। ইতোমধ্যে ক্লাসও শুরু হয়ে গেছে স্কুলে। নতুন বইয়ের গন্ধ শুঁকে পড়ালেখার বিষয়ে অনেকেরই তুমুল উত্সাহ। এই রেশটা বেশি দিন থাকে না। সারা বছরের পড়ার চাপে অনেক শিশুই পড়ালেখার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। স্কুলের প্রতিও প্রকাশ পায় অনীহা। অথচ সারা বছরের পাঠপরিকল্পনা করে নিলে সহজ হয়ে যায় সব কিছু। ক্লাসের পাঠ আর পরীক্ষা তখন আর চাপ মনে হয় না।

নতুন ক্লাসের প্রস্তুতি

অনেকে সারা বছর পড়ায় ফাঁকি দেয়। পরীক্ষা সামনে এলেই পড়ে অকূল পাথারে। তখন পড়ার চাপে পিষ্ট হয়ে ত্রাহি ত্রাহি অবস্থা। পড়ায় মনোযোগী হতে হবে বছরের শুরু থেকেই। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক হাসিনা পারভীন মনে করেন, বছরের শুরু থেকেই নিয়মানুবর্তী হতে হবে। তা না হলে পড়ার চাপ বেড়ে যায়। তার মানে এই নয় যে খুব বেশি চাপ নিতে হবে। সারা বছরের জন্য একটা রুটিন করে নিতে হবে। রুটিনটা হতে পারে অর্ধবার্ষিক পরীক্ষা সামনে রেখেও। রুটিন করার সময় সিলেবাস, একাডেমিক ক্যালেন্ডার ও ছুটির তালিকা সামনে রাখলে ভালো হয়। অবশ্য সিলেবাস পাওয়া যাবে জানুয়ারির শেষের দিকে। এর আগেই একটা রুটিন করে নেয়া যায়। ছাত্রছাত্রীদের উদ্দেশে হাসিনা পারভীনের পরামর্শ, ‘শুরুতে পুরো বইটা অন্তত একবার করে রিডিং পড়ে নিতে পারো। শুরু থেকেই ক্লাসটা ফলো করতে হবে খুব ভালো করে। স্কুলগুলোতে বছরের শুরুতে খেলাধুলা, সহপাঠ কার্যক্রম, কালচারাল প্রোগ্রাম বেশি থাকে। মানসিক বিকাশে এসব খুব কাজে লাগে। পাঠপরিকল্পনা করতে গিয়ে এসবে নাম লেখাতে ভুলো না।’

কেমন হবে পাঠ পরিকল্পনা   

পাঠ পরিকল্পনা হওয়া চাই শিক্ষার্থীর উপযোগী ও মানসম্মত। শিশুকে এ কাজে সাহায্য করবেন অভিভাবক। অভিভাবকরা সন্তানের সঙ্গে আলোচনা করে বছরের শুরুতেই ঠিক করে নিতে পারেন সারা বছরের পাঠপরিকল্পনা কেমন হবে। অভিভাবক ও শিক্ষার্থী উভয়েরই পাঠ্যসূচি, পাঠের পরিধি, পাঠপরিকল্পনা, প্রশ্নকাঠামো সম্পর্কে ধারণা থাকতে হবে। কোনো একটি বিষয় দিয়ে শুরু করা যায়। ধরা যাক বাংলা। অর্ধবার্ষিক বা প্রাক-নির্বাচনি পরীক্ষা হয় জুলাইয়ে। অর্ধবার্ষিক পরীক্ষা মাথায় রেখে বাংলা বিষয়ের পাঠ পরিকল্পনা করতে হলে জানতে হবে, বোর্ড বইয়ের কোন কোন গদ্য-পদ্য সিলেবাসে আছে। বড়জোর জুন পর্যন্ত রাখা যেতে পারে পাঠ প্রস্তুতির জন্য। বাকিটা রিভিশনের জন্য। জুন পর্যন্ত সিলেবাসটাকে ভাগ করে নিয়ে প্রস্তুতি নিতে হবে।              পরের অংশ আগামী শনিবার