রাজশাহীতে মসজিদের ইমামকে রাখা না-রাখা নিয়ে সংঘর্ষ

আপডেট : ৩০ জুলাই ২০২১, ২১:৪৪

বেশ কয়েক জন আহত

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী মহানগরীর পাঠানপাড়া জামে মসজিদের (এসি মসজিদ) ইমাম মাওলানা আতিককে রাখা না-রাখাকে কেন্দ্র করে মুসল্লিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার জুমার নামাজের পর এই সংঘর্ষে বেশ কয়েক জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পাঠানপাড়া মসজিদের মেয়াদ উত্তীর্ণ কমিটির সভাপতি আফজাল হোসেন ও তার অনুসারীদের আপত্তি—তারা বর্তমান ইমামকে মসজিদের ইমাম হিসেবে রাখতে চান না। কিন্তু মসজিদের অন্য মুসল্লিরা চাচ্ছেন বর্তমান ইমামই ইমামতির দায়িত্বে থাকুক। এ নিয়ে জুমার নামাজের পর উভয়পক্ষের (পাঠানপাড়া ও হোসেনিগঞ্জ এলাকার জনগণ) মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে উভয়পক্ষের মধ্যে মারামারি ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে বেশ কয়েক জন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি তারা।