ক্যালিফোর্নিয়ায় দাবানলে নিখোঁজ হাজারো মানুষ

আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ২১:৩০

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানলের কারণে পুড়ে গেছে হাজার হাজার ঘরবাড়ি। এক হাজারেরও বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। সেখানে মৃতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে। 

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, উত্তরাঞ্চলীয় ক্যালিফোর্নিয়ায় একটি ‘ক্যাম্প ফায়ার’ থেকে আগুন ছড়িয়ে পড়ার পর এই দাবানল শুরু হয়।  দাবানল শুরুর আটদিন পর গত শুক্রবার মৃতের সংখ্যা ছিল ৬৩ জন। তখন পর্যন্ত ৬৩১ জনের নিখোঁজ থাকার কথা জানা গেলেও গত ২৪ ঘণ্টায় এ সংখ্যা বেড়ে এক হাজার ছাড়িয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে।

বুটে কান্ট্রি শেরিফ কোরি হনিয়া বলেন, ‘নিখোঁজদের মধ্যে একই নাম দুইবারও থাকার আশঙ্কা রয়েছে। সাংবাদিকদের তিনি বলেন, আমি বোঝাতে চাইছি যে এটা একটা বহুমাত্রিক তালিকা। আপনাদের যে তথ্য দিচ্ছি তা একেবারে প্রাথমিক।’ ক্যালিফোর্নিয়ার কর্তৃপক্ষ সতর্ক করে দিয়ে বলেছে, নিখোঁজ তালিকায় থাকা অনেকেই হয়তো ভালো আছেন তবে স্বজনেরা তাদের সন্ধান পাচ্ছেন না। এমনকি এই তালিকায় মৃতদের নামও থাকতে পারে তাদের হয়তো এখনও কেউ শনাক্ত করতে পারেনি।

ক্যালিফোর্নিয়ার ইতিহাসের অন্যতম ভয়াবহ এ দাবানলে এক লাখ ৪২ হাজার একর বনভূমি পুড়ে গেছে। এর মধ্যে রয়েছে ২৭ হাজার মানুষের বসতির প্যারাডাইস শহরও। মোট ৪৭ হাজার মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যাদের অনেকে জরুরি আশ্রয়কেন্দ্র ছাড়াও আত্মীয়-স্বজন বা বন্ধুদের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, চলতি মাসের শেষ নাগাদও এই দাবানলের আগুন জ্বলতে পারে। ক্যালিফোর্নিয়া ছাড়াও যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি অঞ্চলে তৈরি হয়েছে অপেক্ষাকৃত ছোট ছোট দাবানল। এর মধ্যে রয়েছে স্যান ফ্রান্সিসকোর কাছে মরগান ফায়ার, লস অ্যাঞ্জেলসের কাছে উলসে ফায়ারও। শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্যালিফোর্নিয়ার দাবানলকবলিত এলাকা পরিদর্শন ও ভুক্তভোগীদের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।