ক্ষুদ্র উদ্যোক্তার উন্নয়নে ৫ কোটি ডলার ঋণ দেবে এডিবি

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫৭

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তার উন্নয়নে ৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) তার সহযোগী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নয়নে নেওয়া প্রকল্প বাস্তবায়নে এই অর্থ ব্যয় করবে। এ লক্ষ্যে গতকাল রাজধানীর শেরেবাংলানগরস্থ ইআরডি সম্মেলন কক্ষে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহমেদ এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ চুক্তিতে সই করেন।

মনমোহন প্রকাশ বলেন, বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নয়নে সবচেয়ে বড় বাধা হলো তাদের অর্থ সংগ্রহের সীমাবদ্ধতা। এই প্রকল্পটি তাদের সীমাবদ্ধতা কাটাতে সহায়ক হবে। প্রকল্পটি পাইলট ভিত্তিতে একটি উদ্ভাবনী মোবাইল-ভিত্তিক মাইক্রোএন্টারপ্রাইজ ফাইন্যান্সিং অ্যাপ্লিকেশন প্রবর্তন করবে।

২০২০ সাল পর্যন্ত মেয়াদের এই প্রকল্পে মোট খরচ হবে ৬ কোটি ২৫ লাখ ডলার। এরমধ্যে ক্ষুদ্র উদ্যোক্তারা যোগান দেবে ১ কোটি ২৫ লাখ ডলার।