এফবিসিসিআই’র নির্বাচন ২৭ এপ্রিল

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫৮

ইত্তেফাক রিপোর্ট

আগামী ২৭ এপ্রিল ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (এফবিসিসিআই) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গঠিত বোর্ড গত মঙ্গলবার নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে এফবিসিসিআইয়ের সদস্য সংগঠনগুলোকে চাঁদা পরিশোধ করতে হবে। সাধারণ পরিষদ সদস্য হিসেবে নাম পাঠানোর শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি। ৬ মার্চ প্রাথমিক ভোটার তালিকা এবং প্রয়োজনীয় সংশোধনী সাপেক্ষে ১৮ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ মার্চ। নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন অধ্যাপক মো. আলী আশরাফ, এমপি। এছাড়া নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক জাহাঙ্গীর আলামিন।