চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রধান গেট থেকে মূল ক্যাম্পাস অভিমুখী সড়কে গতকাল শুক্রবার সকালে পাহাড় ধসে পুরো রাস্তাটি বন্ধ হয়ে গেছে। এই সড়কটি পাহাড় কেটে তৈরি হওয়ায় এর দুই পাশেই খাড়া পাহাড়ি ঢাল রয়েছে। করোনাকালীন ছুটিতে ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের ও বিভিন্ন ধরনের যাবাহনের যাতায়াত না থাকায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। বিশ্ববিদ্যালয় সূত্র জানায় গত কদিনের টানা বৃষ্টির কারণে পাহাড় ধসের ঘটনাটি ঘটে। এতে বিদ্যুত্ সরবরাহের তারসহ কয়েকটি খুঁটি ধসে পড়েছে।
গতকাল সকালে এই পাহাড় ধসের ঘটনা ঘটে বলে জানান চবির প্রক্টর ড. রবিউল হাসান ভূইঞা। তিনি আরো জানান, টানা তিন দিনের বর্ষণের কারণে মাটি নরম হয়ে সকালে কাটাপাহাড় সড়কে পাহাড়ের কিছু অংশ ধসে পড়ে। এতে বিদ্যুতের তিনটি খুঁটি ভেঙে গেছে এবং দুটি খুঁটি উপড়ে পড়েছে। এই মুহূর্তে বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন রেখে সড়ক থেকে মাটি ও গাছপালা সরানোর কাজ চলছে। কাটাপাহাড় সড়কে সব ধরনের চলাচল বন্ধ রয়েছে।
