চট্টগ্রামে ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩১

 চট্টগ্রাম অফিস

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মঙ্গলবার নগরীর তিনটি এলাকার বাজারে অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে এবং চিংড়ি মাছসহ বিপুল পরিমাণ ক্ষতিকর ভেজালমিশ্রিত পণ্য ধ্বংস করেছে। নগরীর আকবরশাহ, পাহাড়তলী ও হালিশহর থানা এলাকার বাজারগুলোতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে চারটি প্রতিষ্ঠানকে ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়। মহানগরী পুলিশের সহযোগিতায় পরিচালিত এই অভিযানে পোড়াতেল, অননুমোদিত রঙ, খাদ্যে মেশানোর গন্ধদ্রব্য, মেয়াদোত্তীর্ণ  উপকরণ, রঙ দেয়া করমচা, মটর ও জেলি মেশানো চিংড়ি ধ্বংস করা হয়েছে। 

আকবরশাহ থানার কর্নেলহাট কাঁচাবাজারে জসিম আমাছের দোকানকে জেলিযুক্ত চিংড়ি বিক্রির জন্য সংরক্ষণ করায় দুই হাজার টাকা, পাহাড়তলী থানার আব্দুল আলী হাট এলাকার আম্মান ফার্স্টফুডকে পোড়াতেল সংরক্ষণ, অননুমোদিত রঙ, ফ্লেভার, মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার, রঙ দেয়া করমচা ব্যবহারের অপরাধে ৫০ হাজার টাকা, হালিশহর থানার ফইল্যাতলী কাঁচাবাজারে রঙ দেওয়া মটর বিক্রির জন্য রাখার দায়ে কাদেরের সব্জির দোকানকে ৫ হাজার টাকা ও রাজিবের সব্জির দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।