কেন্দুয়ায় ক্যান্সার সচেতনতায় ‘হিমু পরিবহন’

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩২

কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা

মরণব্যাধি ক্যান্সার প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করছে ‘হিমু পরিবহন’ নামে একটি সংগঠনের কর্মীরা। বুধবার বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে সচেতনতামূলক প্রচারণার অংশ হিসাবে তারা এ কার্যক্রম পরিচালনা করে। দিবসটি উপলক্ষে হিমু পরিবহনের কর্মীরা স্থানীয় ফেসবুক ভিত্তিক স্বেচ্ছাসেবামূলক সংগঠন ‘হূদয়ে কেন্দুয়া’র সহযোগিতায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে পদযাত্রা শুরু করে। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর শহরের আলহাজ্ব আতিকুর রহমান ভূইয়া একাডেমিতে গিয়ে শিক্ষার্থীদের মাঝে ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিরতণ এবং ক্যান্সার প্রতিরোধে করণীয় সম্পর্কে শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন হিমু পরিবহনের কর্মীরা।

হিমু পরিবহন ও হূদয়ে কেন্দুয়া সংগঠনের এডমিন ক্ষুদ্র খান, এডমিন আরিফ আহমেদ রিয়াদ, আফরিদ জাহান স্বপন, জয় রায়, রুহুল আমিন ও জুবায়েরের নেতৃত্বে ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এসব কার্যক্রম পরিচালনা করা হয়। হিমু পরিবহন ও হূদয়ে কেন্দুয়া সংগঠনের এডমিন ক্ষুদ্র খান জানান, জননন্দিত কথাসাহিত্যিক ড. হুমায়ূন আহমেদ ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করার পরপরই হিমু ভক্তরা গড়ে তোলে হিমু পরিবহন সংগঠনটি। হুমায়ূন আহমেদের স্বপ্ন ছিল দেশে একটি ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠা করার। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নের আগেই তিনি না ফেরার দেশে চলে যান। হুমায়ূন আহমেদের মতো আর একটি মানুষকেও যেন ক্যান্সার আক্রান্ত হয়ে মরতে না হয় সেই লক্ষ্যে হুমায়ূন আহমেদের অসমাপ্ত স্বপ্নকে বাস্তবায়ন করতে কাজ করে যাচ্ছে হিমু পরিবহন।