শ্রীমঙ্গলে চা শ্রমিক খুন

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৪

 শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা

শ্রীমঙ্গলে কালীঘাট ইউনিয়নের ভাড়াউড়া চা বাগানে পঞ্চাশোর্ধ্ব এক চা শ্রমিক প্রকাশ্যে খুন হয়েছেন।  স্থানীয়রা জানান, গত ৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে বাগানের চা শ্রমিক সুধীর হাজরা (৫০)এর সাথে একই এলাকার বাসিন্দা সুগ্রীম গড়ের ছেলে রিকশাচালক সঞ্জু গড় (৩০) এর ঝগড়া হয়। এই ঝগড়ার জের ধরে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সঞ্জু গড় অতিরিক্ত মদ্যপ অবস্থায় সুধীর হাজরার উপরে হামলা করে। এ সময় তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে বর্গা দিয়ে মারাত্মকভাবে আঘাত করলে ঘটনাস্থলেই সুধীরের মৃত্যু হয়। পরে স্থানীয়রা সুধীরকে উদ্ধার করে ভাড়াউড়া চা বাগান হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনুয়ারুল হক, শ্রীমঙ্গল ও কমলগঞ্জের এএসপি সার্কেল আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জকে এম নজরুলসহ অন্য পুলিশ সদস্যসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শনে আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।  এদিকে ঘটনার পরপরই খুনি সঞ্জু গড় পালিয়ে গেলে তাকে ধরার জন্য পুলিশি তত্পরতা চলছে। ঘটনার সাথে সাথেই ঘটনাস্থল হতে সঞ্জুর সাথে থাকা গোপাল বাউরী নামে একজন দাগি আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় বলে জানিয়েছেন পুলিশ। শ্রীমঙ্গল থানার এসআই ফজলে রাব্বী বলেন, এলাকায় শ্রমিকদের মধ্যে প্রচণ্ড উত্তেজনা বিরাজ থাকায় লাশ উদ্ধার সম্ভব হয়নি। বুধবার সকাল ৭টার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।