স্পোর্টস রিপোর্টার
অনেক আলোচনা-সমালোচনার পর নিউজিল্যান্ডগামী বিমানে চড়েছেন সাব্বির রহমান। গতকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে মুশফিক-মাহমুদউল্লাহদের সঙ্গে উড়াল দিয়েছেন সাব্বির।
গত সেপ্টেম্বর থেকে শাস্তির খড়গ মাথায় নিয়ে দিন কাটছিল তরুণ এই ক্রিকেটারের। ছয় মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন তিনি। শাস্তি কমিয়ে সাব্বিরকে নেওয়া হয়েছে নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে দলে। বারবার শৃঙ্খলা ভঙের নজির তৈরি করা এই ক্রিকেটারের সুযোগ পাওয়া নিয়ে অনেক তর্ক-বিতর্ক, সমালোচনা হয়েছে ক্রিকেটাঙ্গনে। নির্বাচকরা সরাসরি বলেছেন, ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার চাওয়াতেই দলে নেওয়া হয়েছে সাব্বিরকে।
নির্বাচক প্যানেলে না থাকলেও অনুজ সতীর্থকে সুযোগ দেওয়ার দায় নিয়েছেন মাশরাফি। গতকাল দেশ ত্যাগের আগে সাব্বির বলেছেন, অধিনায়কের আস্থার প্রতিদান দিতে চান তিনি। নিউজিল্যান্ড সফরেই ব্যাটিংয়ে স্বরূপে ফিরতে চান এই তরুণ। নিকট অতীতে নিজের বিতর্কিত ঘটনা ভুলে ভবিষ্যতের দিকেই তাকিয়ে সাব্বির।
অধিনায়কের আস্থার প্রতিদান দিতে চান উল্লেখ করে গতকাল সাব্বির বলেছেন, ‘অবশ্যই প্রতিদান দেওয়ার চেষ্টা থাকবে। দেখা যাক কি হয়।’ সুযোগটা কাজে লাগিয়ে ছন্দে ফেরার আশা করছেন সাব্বির। বলেছেন, ‘অবশ্যই এটা আমার জন্য অনেক বড় সুযোগ। হতে পারে আমার সেকেন্ড চান্স। চেষ্টা করব আগের সাব্বির রূপে ফিরে আসার জন্য।’ ২২ গজে সব সমালোচনার জবাব দেওয়ার চিন্তা নেই তার। বলেছেন, ‘জবাব দেওয়া বড় বিষয় না। আমি ভালো খেলার চেষ্টা করব।’
আর সব বিতর্ক ভুলেই মাঠে মনোযোগী হতে চান সাত নম্বরের জন্য বিশেষভাবে বিবেচনায় থাকা সাব্বির। তিনি বলেছেন, ‘না, ওইসব নিয়ে চিন্তা করছি না। অতীত এখন অতীত। ভবিষ্যত্ নিয়ে চিন্তা করছি।’
দুই বছর আগে নিউজিল্যান্ডে খেলার অভিজ্ঞতায় দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন সাব্বির। বিমানবন্দরে তিনি বলেছেন, ‘এর আগে দুইবার গিয়েছি নিউজিল্যান্ডে, অভিজ্ঞতা আছে। ওয়েদার কেমন ধারণা আছে। আশা করি দ্রুত মানিয়ে নিতে পারব ও ভালো খেলার চেষ্টা করব।’
গতকাল আট ক্রিকেটার গিয়েছেন নিউজিল্যান্ডে। মেহেদী হাসান মিরাজের আশা, আগে যাওয়ায় দ্রুত মানিয়ে নিতে পারবেন কন্ডিশনে। তরুণ এই ক্রিকেটার বিমানবন্দরে বলেছেন, ‘আসলে আমরা বেশকিছু আগে যাচ্ছি। আমরা অনুশীলন করতে পারব আশা করি। আমরা নিউজিল্যান্ডে এর আগেও গিয়েছিলাম। কন্ডিশন সম্পর্কে আমার একটু ধারণা আছে। যত দ্রুত মানিয়ে নিয়ে ভালো করা যায়, সেই চেষ্টা করব। আমরা এখন যারাই যাচ্ছি আগে থেকে আমাদের প্রস্তুতিটা যেন ভালো থাকে মানিয়ে নিতে পারি।’
নিউজিল্যান্ডের কন্ডিশন স্পিনারদের জন্য সবসময়ই চ্যালেঞ্জের ক্ষেত্র। আর স্বাগতিকদের দলে কয়েকজন বাঁহাতি ব্যাটসম্যান আছে বলেই অফস্পিনার হিসেবে মিরাজ ও নাঈম হাসানের উপর অনেক দায়িত্ব থাকবে। সেই চ্যালেঞ্জ জয়ে আশাবাদী মিরাজ।
গতকাল তিনি বলেছেন, ‘আমার জন্য বড় চ্যালেঞ্জ। উপমহাদেশে স্পিনাররা ভালো করে, এর বাইরে গেলে স্পিনারদের ওইরকম ভূমিকা থাকে না। এটা আমাদের নিজেদের সঙ্গে নিজেদের একটা চ্যালেঞ্জ। আমরা স্পিনাররা যদি ভালো করতে পারি, ডমিনেট করতে পারি, তাহলে দল আরও বেশি সাহায্য পাবে। আমরা স্পিনাররা পেসারদের যদি সাপোর্ট করি, তাহলে বোলারদের কাজটা সহজ হবে। আমরা দিন শেষে দল হয়ে খেলব, চেষ্টা থাকবে ভালো কিছু করার।’
