ফেসবুক থেকে জাকারবার্গের পদত্যাগ চান বিনিয়োগকারীরা

আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ২১:৩৩

 

নির্বাচনী বিতর্কের রেশ কাটেনি এখনও। টানাপোড়েন চলছে ভুয়া খবর ছড়ানো নিয়েও। এর মধ্যেই ফের বিপাকে ফেসবুক কর্ণধার মার্ক জাকারবার্গ। সংস্থার চেয়ারম্যান পদ থেকে তার অপসারণ চাইছেন বিনিয়োগকারীরা। কোনোভাবে ফাঁক-ফোকর গলে যাতে বেরিয়ে যেতে না পারেন, সে জন্য রীতিমতো চাপও তৈরি করছেন তারা। 

জনপ্রিয়তা বাড়াতে এবং যাবতীয় বিতর্ক ঝেড়ে ফেলতে সম্প্রতি রিপাবলিকান পার্টির ঘনিষ্ঠ ‘ডিফাইনার্স পাবলিক অ্যাফেয়ার্স’ সংস্থাকে নিয়োগ করে ফেসবুক কর্তৃপক্ষ। এমনটাই লেখা হয়েছে মার্কিন সংবাদপত্র ‘নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে। খবর আনন্দবাজার পত্রিকার

বুধবার মার্কিন সংবাদপত্র ‘নিউইয়র্ক টাইমসে’ প্রকাশিত ওই প্রতিবেদনে ফেসবুকের তরফে ‘ডিফাইনার্স পাবলিক অ্যাফেয়ার্সকে’ নিয়োগের বিষয়টি তুলে ধরা হয়। তারপর থেকেই সমালোচনায় বিদ্ধ হচ্ছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এবং স্যার নিক ক্লেগ।

যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন মার্ক জাকারবার্গ। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এ মুহূর্তে ওই সংস্থার সঙ্গে কোনও যোগ নেই আমাদের।’ তবে এরকম কথাতে সন্তুষ্ট হননি বিনিয়োগকারীরা।