বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফর
স্পোর্টস রিপোর্টার
বিপিএল শেষ হওয়ার আগেই নিউজিল্যান্ড সফরের আবহে ঢুকে গেল বাংলাদেশ। প্রায় দেড় মাসের সফরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ওয়ানডে, তিন টেস্ট খেলবে বাংলাদেশ। গতকাল নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ত্যাগ করেছে বাংলাদেশ দলের প্রথম বহর। গতকাল দুপুর সাড়ে ১২টায় সিঙ্গাপুর এয়ারলাইন্স যোগে উড়াল দিয়েছেন আট ক্রিকেটার, হেড কোচ স্টিভ রোডস ও ম্যানেজার খালেদ মাসুদ পাইলট।
সফরটা শুরু হবে ওয়ানডে সিরিজ দিয়ে। তাই আপাতত ওয়ানডে দলের ক্রিকেটাররাই যাচ্ছেন নিউজিল্যান্ডে। গতকাল ক্রিকেটারদের মধ্যে ছিলেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান ও লিটন কুমার দাস। পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ, স্পিন কোচ সুনীল যোশি, ফিজিও তিহান চন্দ্রমোহন, ফিল্ডিং কোচ রায়ান কুক ও ট্রেনার মারিও ভিল্লাভারায়ন নিজ নিজ দেশ থেকে নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন। বিপিএল শেষে ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে সাত ক্রিকেটার যাবেন নিউজিল্যান্ড।
গতকাল বিমানে চড়ার আগে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের হেড কোচ স্টিভ রোডস বলেছেন, এই সফর দিয়েই বোঝা যাবে বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের অবস্থান কোথায় এবং এবার কিছু ম্যাচ জয়ের আশা করছেন তিনি।
কয়েক মাস পরই বিশ্বকাপ। উইকেট, হাই স্কোরিং ম্যাচের বিবেচনায় নিউজিল্যান্ডে বিশ্বকাপের প্রস্তুতি হবে বাংলাদেশ দলের। এই সিরিজের পারফরম্যান্স দিয়েই বিরুদ্ধ কন্ডিশনে ওয়ানডে ফরম্যাটে নিজেদের অবস্থান জানা যাবে। টাইগারদের হেড কোচ রোডস এমনটাই মনে করেন। গতকাল দেশ ত্যাগের আগে তিনি বলেছেন, ‘হ্যাঁ, নিউজিল্যান্ড সিরিজ আমাদের ইঙ্গিত দিবে আমরা কোথায় আছি বিশ্ব ক্রিকেটে। বিশ্বকাপের আগে আমাদের আয়ারল্যান্ডে সিরিজ আছে। বিশ্বকাপ প্রস্তুতিতে আয়ারল্যান্ড হবে আমাদের শেষ ধাপ।’
নিউজিল্যান্ডে কখনোই ম্যাচ জিতেনি বাংলাদেশ। তিন ফরম্যাটে নেই কোনো জয়। দুই বছর আগে ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে কিছু সুযোগ তৈরি হলেও শেষ অব্দি জয় ধরা দেয়নি। এবার কিছু ম্যাচ জয়ের আশা নিয়েই যাচ্ছে বাংলাদেশ দল।
গতকাল বিমানবন্দরে রোডস বলেছেন, ‘আশা করি কিছু ম্যাচ জিতব। আমাদের জন্য ভালো হবে, যদি আমরা কিছু ম্যাচ জিততে পারি, কারণ সেখানে ম্যাচ জয় করা কঠিন, সেটা গতবারের সফরেই প্রমাণ হয়েছে। তবে আমরা খুবই সন্তুষ্ট ছেলেদের সাম্প্রতিক পারফরম্যান্সে। আর ওয়ানডে ফরম্যাটে ভালো করার জন্য গর্ববোধ করি আমরা। সুতরাং আমরা ভালো করার ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করব।’
তবে টেস্ট সিরিজটা কঠিন হবে বলেই ধারণা বাংলাদেশের কোচের। ইংলিশ এ কোচ বলেছেন, ‘টেস্ট ম্যাচ কঠিন হবে। আগের তুলনায় বিদেশে পারফর্ম করার ক্ষেত্রে একটু গুছানো। আশা করব টেস্টে আমরা ভালো ফলাফল আনতে পারব।’
উল্লেখ্য, আগামী ১৩, ১৬ ও ২০ ফেব্রুয়ারি নেপিয়ার, ক্রাইস্টচার্চ ও ডানেডিনে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে মাশরাফি বিন মুর্তজার দল। ওয়ানডে সিরিজ শেষে ২৮ ফেব্রুয়ারি হ্যামিল্টনের সেডন পার্কে প্রথম টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে। ৮ মার্চ ওয়েলিংটনের বেসিন রিজার্ভে শুরু হবে দ্বিতীয় টেস্ট। আর সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৬ মার্চ ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে।
