ভারতকে গুঁড়িয়ে দিল নিউজিল্যান্ড

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৬

প্রথম

টি-টোয়েন্টি

 স্পোর্টস রিপোর্টার

টেস্ট ও ওয়ানডে সিরিজে ভারতের কাছে একপেশেভাবে নিজেদের মাটিতে হেরেছিল নিউজিল্যান্ড। ওয়ানডেতে তবু একটা ম্যাচে পাল্টা আক্রমণ করতে পেরেছিল তারা। কিন্তু সিরিজের ফল পক্ষে আসেনি। অবশেষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হতেই ভারতকে গুঁড়িয়ে দিল স্বাগতিক নিউজিল্যান্ড।

গতকাল ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে কেন উইলিয়ামসনের দল। আগে ব্যাট করা নিউজিল্যান্ড ৬ উইকেটে ২১৯ রানের বিশাল স্কোর করেছিল। জবাবে মাত্র ১৩৯ রানে অলআউট হয়ে যায় রোহিত শর্মার ভারতীয় দল।

আগে ব্যাট করা নিউজিল্যান্ডকে দুরন্ত শুরু এনে দেন দুই ওপেনার টিম সেইফার্ট ও কলিন মুনরো। মাত্র ৮.২ ওভারে ৮৬ রানের জুটি করেন তারা। মুনরো ২০ বলে ৩৪ রান করে আউট হন। এরপর সেইফার্ট জুটি করেন কেন উইলিয়ামসনের সঙ্গে। উইলিয়ামসনও ২২ বলে করেন ৩৪ রান।

তবে এই সময় আসল রানের চাকাটা ঘোরাচ্ছিলেন সেইফার্ট। তিনি মাত্র ৪৩ বলে ৭টি চার ও ৬টি ছক্কায় ৮৪ রানের দুরন্ত এক ইনিংস খেলেন। অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন নিউজিল্যান্ডের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

আর শেষদিকে উইকেটে তাণ্ডব করেন রস টেইলর ও কুগেলজিন। টেইলর ১৪ বলে ২৩ রান করে আউট হন। অন্য দিকে কুগেলজিন ৭ বলে ২০ রান করে অপরাজিত থাকেন।

ভারত এই সিরিজে আগেই বিশ্রাম দিয়ে রেখেছিল নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিকে। এই সিরিজে তার বদলে অধিনায়কত্ব করছেন রোহিত শর্মা। কিন্তু বিশাল এই রান তাড়া করতে গিয়ে শুরুতেই ফিরে আসেন ভারতীয় অধিনায়ক। ৫ বলে মাত্র ১ রান করে টিম সাউদির প্রথম শিকার হিসেবে ফেরেন তিনি। এরপর শিখর ধাওয়ান ও বিজয় শঙ্কর ইনিংস মেরামতের চেষ্টা করেছিলেন। ধাওয়ান ২৯ রান করেন এবং শঙ্কর ২৭ রান করেন। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। এই দু’ জনের বিদায়ের পর ধসে পড়ে ভারতীয় ইনিংস।

এই ভারতীয় ব্যাটসম্যানদের যাওয়া-আসার মধ্যে একমাত্র ব্যতিক্রম হয়ে দাঁড়িয়েছিলেন সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি ৩১ বলে ৩৯ রান করে সাউদির বলে ফেরেন। আর সাউদির তৃতীয় শিকার হওয়ার আগে হার্দিক পান্ডিয়া করেন ২০ রান। বাকীটা ছিল ভারতের পরাজয়ের আগে ব্যবধান কমানোর প্রক্রিয়া।