স্পোর্টস রিপোর্টার
একসময়ের জায়ান্ট কিলার খ্যাত আরামবাগ ক্রীড়া সংঘ এবার প্রিমিয়ার ফুটবল লিগে দারুণ খেলে যাচ্ছে। নিজেদের প্রথম খেলায় শেখ রাসেলের বিপক্ষে হার দিয়ে শুরু করলেও পরের তিন ম্যাচে টানা ৯ পয়েন্ট তুলে নিয়েছে। আরামবাগের চারটি খেলাই হয়েছে তাদের নিজেদের হোম ভেন্যু ময়মনসিংহে। আরামবাগ আজ প্রথম ম্যাচ খেলবে ঢাকায়, বঙ্গবন্ধু স্টেডিয়ামে। আরামবাগের প্রতিপক্ষ শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গত ১৮ জানুয়ারি লিগ শুরু হওয়ার পর আরামবাগের খেলা হয়েছে বাইরে বাইরে। কাগজে-কলমে আরামবাগ এখন শক্তিশালী দল। দেশি ফুটবলাররা দারুণ খেলে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিশেষ করে উইঙ্গার জাহিদ হোসেন মোহামেডানের গুঁড়িয়ে পুনরায় নিজেকে আস্থার আসনে বসিয়েছেন। মোহামেডানের বিপক্ষে হ্যাটট্রিক পাওয়া জাহিদ জানিয়েছেন এই মৌসুমে তিনি নিজের খেলাটা যত্ন করে খেলছেন। জাতীয় দলে ফেরার চেয়ে ক্লাব ফুটবলে নিজেদের আসনটা মজবুত করতে আরো বেশি মনোযোগী হয়েছেন। জাহিদের প্রতি আস্থা রাখতে যাচ্ছেন আরামবাগের কোচিং স্টাফ। এখনই আরামবাগের নির্ধারিত কোনো লক্ষ্য নেই। একটা একটা ম্যাচ অতিক্রম করে যেতে চান কোচ মারুফুল হক। তিন ম্যাচ জিতলেই সবার উপরে চলে যাওয়া যাবে সেটাও তিনি মানছেন না। এখনও লিগের লম্বা পথ রয়ে গেছে। তবে ম্যাচ জয় খেলোয়াড়দের জন্য বাড়তি প্রেরণা বলে মনে করছেন কোচ মারুফুল হক।
বিধ্বস্ত অবস্থায় রয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ৪ ম্যাচ খেলে জিতেছে মাত্র একটিতে। নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে বিজেএমসিকে হারিয়ে প্রথম জয় পেয়েছেন শেখ জামাল। এর আগে ঢাকার মাঠেও খুব বেশি সুবিধে করতে পারেনি শেখ জামাল। খাদের কিনারায় পড়ে থাকা শেখ জামালের জন্য আজ কঠিন ম্যাচই এটা। না জিততে পারলে লিগের বর্তমান রানার্সআপ শেখ জামাল কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে। শেখ জামালের কর্মকর্তারা জানিয়েছেন তারা এখন ভালো অবস্থায় রয়েছেন। অতিরিক্ত প্রশিক্ষণের কারণে প্রথমদিকের খেলাগুলোতে পয়েন্ট হারাতে হয়েছিল। প্রশিক্ষণের সময় এবং ধরনও পরিবর্তন করা হয়েছে। খেলোয়াড়রা বিশ্রামের সময়ও পাচ্ছেন।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকালে আরো একটি ম্যাচ রয়েছে। লিগের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী খেলবে বিজেএমসির বিপক্ষে। আবাহনী শক্তিশালী দল। তাদের আক্রমণভাগে রয়েছে একাধিক অস্ত্র। বিশেষ করে নাইজেরিয়ান প্লে-মেকার সানডে চিজোবা এবং হাইতির বেলফোর্ট আবাহনীর আক্রমণভাগের বড় ভূমিকায় রয়েছেন। তারা ভালো খেলা মানেই দিনটা আবাহনীর। মাঝমাঠে কোরিয়ান মিনহিওক পরিশ্রমী যোদ্ধা। নীলফামারীতে গিয়ে বসুন্ধরা কিংসের বিপক্ষে আবাহনী হেরেছিল ৩-০ গোলে। এরপর জয়ের পথেই রয়েছে আবাহনী। বিজেএমসিকে শক্তিশালী বলা যায় না। তারা চার খেলায় ১টি ড্র ছাড়া আর কিছুই তুলে নিতে পারেনি। তারপরও মরণ কামড় দিয়ে ফেলতে পারে আবাহনীর ঘাড়ে। আবাহনী প্রতিপক্ষকে শক্তিশালী মনে করেই আজ মাঠে নামবে।
আজকের খেলা
আবাহনী ও বিজেএমসি।
শেখ জামাল ও আরামবাগ।
৩টা ৩০ ও ৬টা ৩০,
বঙ্গবন্ধু স্টেডিয়াম।
পয়েন্ট
টেবিল
খেলা জয় ড্র হার পয়েন্ট
বসুন্ধরা কিংস ৩ ৩ ০ ০ ৯
আরামবাগ ৪ ৩ ০ ১ ৯
শেখ রাসেল ৩ ৩ ০ ০ ৯
আবাহনী ৪ ৩ ০ ১ ৯
সাইফ স্পোর্টিং ৪ ৩ ০ ১ ৯
মুক্তিযোদ্ধা ৪ ২ ০ ২ ৬
চট্টগ্রাম আবাহনী ৪ ১ ২ ১ ৫
শেখ জামাল ৪ ১ ১ ২ ৪
ব্রাদার্স ইউনিয়ন ৩ ১ ০ ২ ৩
মোহামেডান ৪ ১ ০ ৩ ৩
রহমতগঞ্জ ৪ ০ ২ ২ ২
বিজেএমসি ৪ ০ ১ ৩ ১
নোফেল ক্লাব ৩ ০ ০ ৩ ০
