আড়িয়াল খাঁর ভাঙন পরিদর্শন করলেন এমপি নিক্সন চৌধুরী

আপডেট : ০১ আগস্ট ২০২১, ২২:০২

সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন সদরপুরের চন্দ্রপাড়ায় আড়িয়াল খাঁ নদের ভাঙন পরিদর্শন করলেন। এ সময় তিনি ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী বাঁধসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জনগণকে আশ্বাস দেন। এমপি গতকাল রবিবার বিকালে ভাঙন এলাকায় গিয়ে জনগণের সঙ্গে মতবিনিময় কালে এ কথা বলেন।

তিনি আরো বলেন, সদরপুরের জনগণের নদী ভাঙন একটি স্থায়ী সমস্যা। প্রতি বছর বর্ষামৌসুমে পদ্মা-আড়িয়াল খাঁর ভাঙনে প্রায় ২০ হাজার মানুষের ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যায়। এ সমস্যার একটি স্থায়ী সমাধানের দরকার বলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বাস দেন। এ সময় তার সঙ্গে ছিলেন, ঢেউখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. ওমর ফারুক বেপারীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী।

এর আগে দুপুরে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ উক্ত ভাঙন এলাকা পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী জহির আজাহার ও উপ-সহকারী প্রকৌশলী মো. শামসুল হাসান। নির্বাহী প্রকৌশলী আড়িয়াল খাঁর ভাঙন প্রতিরোধে জরুরি ব্যবস্থা গ্রহণে সকল প্রকার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ও ভাঙন রোধে ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করে জি আই ব্যাগ ফেলা হচ্ছে বলে জনগণকে জানান।