শেরপুর (বগুড়া) সংবাদদাতা
বাহান্ন বছর বয়সেও শিক্ষার আশা ছাড়েননি শফিকুল ইসলাম। তাই নাতি-নাতনিদের বয়সী ছেলে-মেয়েদের সঙ্গে এবারের দাখিল পরীক্ষায় অংশ নিয়ে আলোচনায় এসেছেন তিনি। গত ২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসএসসি, সমমান ও দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছেন এই ব্যক্তি। তার পরীক্ষা কেন্দ্র বগুড়ার শেরপুরের শালফা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ। মঙ্গলবার কেন্দ্রে গেলে ইংরেজি বিষয়ে পরীক্ষা দিয়ে কক্ষ থেকে বের হওয়ার পর বেশ উদ্যমী ও প্রাণচঞ্চল দেখা যাচ্ছিল শফিকুল ইসলামকে। এ সময় এই বয়সে পরীক্ষায় অংশ নেয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, তার পরিবারের সবাই শিক্ষিত। বিশেষ করে তার তিন মেয়ে সন্তান রয়েছে। তিনজনই পড়ালেখা করছে। স্ত্রীও লেখাপড়া জানে। তাই আমি কেন শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকবো। শিক্ষার আলোয় আলোকিত পরিবারের সদস্যদের অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে শিক্ষাজীবন শুরু করেছি। একইসঙ্গে জীবনের প্রথম বোর্ড পরীক্ষায় এবছর দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করছি। পরীক্ষার দ্বিতীয় দিনে ইংরেজি বিষয়ের পরীক্ষাও মোটামুটি ভালো হয়েছে বলে জানান পঞ্চাশোর্ধ পরীক্ষার্থী শফিকুল ইসলাম।
কেন্দ্র সচিব ও শালফা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মোঃ ইউসুফ আলী বলেন, ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের চান্দিয়ারপাড়া গ্রামের মৃত সোনাউল্লাহ শেখের ৫২ বছর বয়সী ছেলে শফিকুল ইসলাম এবারের দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়েছেন। তিনি উপজেলার হাপুনিয়া দাখিল মাদ্রাসার ছাত্র।
