কর্মস্থলে দায়িত্ব পালনকালে ফেসবুকে এক নারীর সঙ্গে পরিচয়ই কাল হলো উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-১৪) সদস্য কনস্টেবল ফরহাদের। বেশকিছু দিন অন্তরঙ্গ আলাপের পর সেই নারীর দায়ের করা ‘ধর্ষণচেষ্টা’র মামলায় কারাগারে গেছেন ফরহাদ।
শনিবার (১ আগস্ট) রাতে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তার মামলা ও কারাগারে যাবার বিষয়টি নিশ্চিত করলেও কি ঘটনা মামলা পর্যন্ত গড়াল তা সবিস্তারে জানাননি উখিয়া থানার ওসি আহমেদ সনজুর মোরশেদ।
সূত্র জানায়, কর্মস্থলে কাজের ফাঁকে ফরহাদের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় উখিয়ার ঐ নারীর। সেই পরিচয় থেকেই তাদের মধ্যে বন্ধুত্ব। দেখাও হয় তাদের। অজ্ঞাত কারণে দুই জনের মধ্যে বৈরী সম্পর্ক তৈরি হয় এবং সেই সূত্র ধরেই ঐ নারী শনিবার পুলিশ কনস্টেবল ফরহাদের বিরুদ্ধে উখিয়া থানায় ধর্ষণচেষ্টার মামলাটি করেন। আর মামলাটি আমলে নিয়ে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। এরপর করোনাকালীন বিশেষ আদালতের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাতেই তাকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন কক্সবাজার আদালতের ওসি চন্দন কুমার চক্রবর্তী।
উখিয়া থানার ওসি আহমেদ সনজুর মোরশেদ বলেন, ভিকটিম তার অভিযোগের বিষয়ে কিছু প্রমাণ উপস্থাপন করায় ১৪-এপিবিএনে কর্মরত কনস্টেবলের বিরুদ্ধে মামলাটি আমলে নিয়েছি।
ইত্তেফাক/এসজেড
