স্টাফ রিপোর্টার, রাজশাহী
নেদারল্যান্ডের রিজিওনাল আর্কাইভস ডাইরেক্টর সিক ফ্রিড জ্যাংজিং এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাত্ করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় মেয়র দপ্তর কক্ষে সৌজন্য সাক্ষাত্কালে প্রতিনিধি দলের সদস্যরা পদ্মা পাড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিচালিত ঐতিহাসিক ‘বড়কুঠি ভবন’ সংরক্ষণ ও সিটি করপোরেশনে আর্কাইভস স্থাপনের বিষয়ে আলোচনা করেন।
প্রতিনিধি দলের সদস্যরা রাজশাহী মহানগরীর ইতিহাস ও ঐতিহ্য এবং রাজশাহী সিটি করপোরেশন তথ্য সংরক্ষণ ব্যবস্থাপনা উন্নীত করণের উদ্দেশ্যে মেয়রকে মিউজিয়াম ও আর্কাইভস স্থাপনের পরামর্শ দেন। বড়কুঠিকে সংস্কারে ও সংরক্ষণ সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন তারা।
মেয়র তাদেরকে স্বাগত জানিয়ে বলেন, রাজশাহী সিটি করপোরেশন মহানগরীর শিক্ষা ব্যবস্থাপনা এবং ইতিহাস ঐতিহ্য সংরক্ষণের বিষয়ে আন্তরিক। নগর ভবনে ইতোমধ্যে সিটি মিউজিয়াম স্থাপন করা হয়েছে। আগামীতে তথ্য সংরক্ষণ ব্যবস্থাপনা উন্নীতকরণে আর্কাইভস স্থাপনের পরিকল্পনা রয়েছে। এছাড়াও নগর ভবনে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে। এটি সমৃদ্ধিকরণের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পর্যায়ক্রমে মহানগরীর আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সকল কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
এসময় বাংলাদেশ আর্কাইভস এন্ড রেকর্ড ম্যানেজমেন্ট সোসাইটির অ্যাডভাইজার ফ্লোরাস গেয়ার্স, ডাচ-বারমসের কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার ইলিয়াস কাঞ্চন, ডেস্কটপ আইটির ম্যানেজিং ডাইরেক্টর খাজা খালেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
