অন্যান্য মিউজিশিয়ানের ইনস্টুমেন্টালও রিলিজ দেবার ইচ্ছে আছে :রাজীব

আপডেট : ০২ আগস্ট ২০২১, ২০:৩১

 বিনোদন প্রতিবেদক

 

‘এখনকার মিউজিক ভিডিওরই তো কোনো মান নেই! গানের সঙ্গে ভিডিওর সামঞ্জস্যতা নেই। মানহীন নির্মাতাদের দিয়ে নির্মাণ করালে এর চেয়ে বেশি কী-ই বা আশা করা যায়।’— গান ও মিউজিক ভিডিওর মান প্রসঙ্গে কথাগুলো বলেন গিটারিস্ট ও সংগীত পরিচালক রাজিব। তবে আনকোরা নির্মাতাদের দিয়ে কোম্পানি বা শিল্পী এ ধরনের ভিডিও নির্মাণ এবং গানের সুর ও কম্পোজ না করালে এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব বলে মনে করেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারের অনেক জনপ্রিয় গান উপহার দেওয়া এই মিউজিশিয়ান বর্তমানে বেশকিছু নতুন গানের কাজ ও চলচ্চিত্রের সংগীত পরিচালনা নিয়ে ব্যস্ত রয়েছে। নিজের ব্যস্ততা প্রসঙ্গে রাজীব বলেন, ‘আমার কথা, সুর ও সংগীতে শহীদের কণ্ঠে বোকা বাক্স, জলের ভেতর, কালো সাদা আকাশ গানগুলোর কাজ সম্প্রতি শেষ করলাম। পাশাপাশি পলাশের আজ সারাটাদিন বৃষ্টি গানটির কাজ করলাম। এছাড়া অন্য বেশ কয়েকটি নতুন গানের কাজ করছি। গানগুলো মিউজিক আকারে শিগগিরই একে একে রিলিজ দেওয়ার পরিকল্পনা চলছে।’ এছাড়া ‘ওরা সাতজন’, ও ‘ঘোর’ শিরোনামের দুটি সিনেমায় সংগীত পরিচালক হিসেবে কাজ করছেন রাজীব। পাশাপাশি ক’দিন আগেই দুটি গিটার ইনস্ট্রুমেন্টাল রিলিজ দিয়েছেন তিনি। আমাদের দেশের প্রেক্ষাপটে যা খুবই অপ্রতুল বলা চলে। এ ধরনের কাজ অনেকেই ঝুঁকিপূর্ণ বলে মনে করে থাকে। রাজীব এ নিয়ে বলেন, ‘দেখুন, জানি আমাদের এখানে এই চর্চাটা নেই। দর্শক-শ্রোতারা এ ধরনের কাজের সঙ্গে তেমন একটা পরিচিতও নয়। তারপরও আমি মনে করি কাউকে না কাউকে তো এগিয়ে আসতে হবে। পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু ইন্সট্রুমেন্টালের যাত্রা অনেক আগেই শুরু হয়েছে। তাই বিশ্বের সঙ্গে তাল মেলাতে এই কাজটি আমি নিয়মিত করতে চাই। শুধু আমার নিজের কাজ নয়, অন্যান্য মিউজিশিয়ানের ইনস্ট্রুমেন্টালও রিলিজ দেবার ইচ্ছে আছে। পাশাপাশি পর্দার আড়ালে থাকা মিউজিশিয়ানদেরও অনেকে চিনতে পারবেন। কে কোন মিউজিকে পারদর্শী সেটা সবাই জানতে পারবেন।’