ঠাকুরগাঁও প্রতিনিধি
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, যোগাযোগের জন্য রেল যাতে সারাদেশের নিরাপদ সাশ্রয়ী এবং স্বল্প খরচের বাহন হিসেবে সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে যেতে পারে সে লক্ষ্যে সরকার ইতোমধ্যে বহুমুখী প্রকল্প গ্রহণ করেছে। বুধবার ঠাকুরগাঁও রেল স্টেশন পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরো বলেন, সরকার জনগণের চাওয়ার অপেক্ষায় থাকে না, জনগণ চাওয়ার আগেই কাজ করে সরকার। সস্তায় নিরাপদে জনগণের বাহন রেলওয়ে মুক্তিযুদ্ধের সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই রেলওয়েকে উন্নত করা হচ্ছে। উন্নত দেশের সঙ্গে আমাদের রেলওয়ে এখনও পিছিয়ে আছে। আমরা সেই রেলওয়েকে আধুনীকায়নে কাজ করে যাচ্ছি।
নূরুল ইসলাম সুজন বলেন, প্রধানমন্ত্রীর ১০টি একনেকের প্রকল্পের মধ্যে ২টি প্রকল্প হলো রেল মন্ত্রণালয়ের। এর মধ্যে একটি হলো চিটাগাং হয়ে কক্সবাজার রেল সংযোগ ও আরেকটি হলো পদ্মা সেতুর উপরে রেল যোগাযোগ স্থাপন করে যশোরসহ সমস্ত দক্ষিণ অঞ্চলকে রেলের আয়ত্তে আনা হবে।
আগামী এক বছরের মধ্যে ঠাকুরগাঁওয়ে অনলাইনে রেলের টিকিট পাওয়ার ব্যবস্থা করা হবে আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, রেলের টিকিটের ব্যবস্থা ডিজিটাল করার কাজ শুরু হবে। যাতে করে অনলাইনের মাধ্যমে সকলে টিকিট করতে পারে।
এ সময় বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের জিএম খন্দকার শহীদুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরাসহ বিভিন্ন সরকারি স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
