শ্যামনগরে আওয়ামী লীগের প্রার্থীরা মাঠে জামায়াত-বিএনপি নির্দেশের অপেক্ষায়

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১০

উপজেলা পরিষদ নির্বাচন

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা

একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই উপজেলা পরিষদ নির্বাচনী মাঠে রাজনৈতিক নেতাদের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। তবে কেন্দ্রীয় নির্দেশের অপেক্ষায় জামায়াত ও বিএনপি। ২০ দলীয় জোট এখন পর্যন্ত নির্বাচনী কোনো আলোচনা না করলেও আওয়ামী লীগের নেতা-কর্মীসহ সাধারণ জনগণের মাঝে গ্রামের মোড়ে, চায়ের দোকানে ও রাস্তাঘাটে আলোচনার একটাই বিষয় উপজেলা পরিষদ নির্বাচন। ইতোমধ্যেই রাজনৈতিক মাঠে উপজেলা নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে।

এবার শ্যামনগরে আওয়ামী লীগ থেকে সম্ভাব্য প্রার্থী চেয়ারম্যান পদে সাতজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে চারজনের নাম উপজেলার সর্বত্রই আলোচনার কেন্দ্রবিন্দুতে।

জানা গেছে, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি ফজলুল হকের ছেলে আতাউল হক দোলন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও গাবুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিউল আযম লেনিন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের চেয়ারম্যান বর্তমান এমপি এসএম জগলুল হায়দারের ছোট ভাই অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু, মুন্সিগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি বাবু অসিম কুমার মৃধা, বুড়িগোয়লীনী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি অসিম জোয়াদ্দার, কাশিমাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস।

কৈখালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম। আওয়ামী লীগের মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সম্পাদিকা খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর ইউপি সদস্যা দেলোয়ারা বেগম ও নাফিজা সুলতানা এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক স.ম. আব্দুস সাত্তার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের সাধারণ সম্পাদক, শেখ মিজানুর রহমান, মহাসিন ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রভাষক সাঈদ-উজ-জামান (সাঈদ)।

অপরদিকে জাতীয় পার্টি থেকে চেয়ারম্যান পদে একক প্রার্থী উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আজিবর রহমানের নামটি জানিয়েছে দলীয় সূত্রে। তবে জামায়াত ও বিএনপির কোনো প্রকার কার্যক্রম দেখা যাচ্ছে না। এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদের সাথে কথা হলে তিনি জানিয়েছেন, কেন্দ্রের সিদ্ধান্ত না থাকায় ২০ দলীয় জোটের বা ঐক্যফ্রন্টের কোনো প্রার্থী এখন আমাদের নেই। দলীয় সিদ্ধান্ত আসলে তখন প্রার্থিতা ঘোষণা করা হবে।