পাটগ্রামে আওয়ামী লীগ মাঠে নেই অন্যদলের প্রার্থীরা

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১১

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা

পাটগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী ছাড়া অন্য দলের প্রার্থীরা নীরব।

আওয়ামী লীগের চেয়ারম্যান ও ভাইস চেয়ারমান পদে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকায় তৃণমূল নেতা-কর্মীরা একটু বিপাকে পড়ছেন। দলীয় প্রতীকে এবারেই প্রথম ধাপে অর্থাত্ ১০ মার্চ পাটগ্রাম উপজেলা পরিষদের নির্বাচন হওয়ার কথা রয়েছে। এরই মাঝে সমর্থকদের মুখে যাদের নাম শোনা যাচ্ছে তারা হচ্ছেন— চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ পাটগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান, রংপুর বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান আলহাজ মোঃ রুহুল আমীন বাবুল, উপজেলা ত্রাণ বিষয়ক সম্পাদক, পাটগ্রাম মহিলা কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান নীলু, বুড়িমারী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক, ব্যবসায়ী তাহাজুল ইসলাম মিঠু।

ভাইস চেয়ারম্যান  পুরুষ  পদে মনোনয়ন প্রত্যাশীরা হলেন— বর্তমান ভাইস চেয়ারম্যান শফি কামাল টারজান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক, মোফাজ্জল হোসেন লিপু। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীরা হলেন— উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী সাবেক ভাইস চেয়ারম্যান সাজেদা আকতার, কুচলিবাড়ী ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা রেজোয়ানা পারভীন সুমি, দৌড়-ঝাঁপ শুরু করেছেন। ইতোমধ্যে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা দলীয় মনোনয়ন পাওয়ার আশায় ঢাকায় লবিং শুরু করেছেন।

কেন্দ্রের নির্দেশ আসলেই শুরু হবে পুরোদমে নির্বাচনী কার্যক্রম। ইতোমধ্যে নির্বাচন কমিশন কর্তৃক চিঠি পাওয়ায় পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল করিম নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে নির্বাচনী কার্যক্রম শুরু করছেন বলে তিনি জানান।