তালায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীক পেতে মাঠে পাঁচজন

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৩

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে তালায় নৌকা প্রতীক পেতে মাঠে নেমেছেন পাঁচ প্রার্থী। ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেতে প্রার্থীরা লবিংয়ের পাশাপাশি শুরু করে দিয়েছেন গণসংযোগ।

তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান ঘোষ সনত্ কুমার, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবল, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নূরুল ইসলাম এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র দলীয় মনোনয়ন পেতে মরিয়া। তাদের প্রচার-প্রচারণায় রীতিমত গরম হতে শুরু করেছে নির্বাচনী মাঠ। এছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে যাদের নাম শোনা যাচ্ছে, তারা হলেন ছাত্রলীগের সাবেক সভাপতি ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, বর্তমান ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাংবাদিক আব্দুল জব্বার সরদার ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জাহাঙ্গীর বিশ্বাস।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানমের পাশাপাশি খেশরা ইউনিয়নের আওয়ামী লীগ নেত্রী, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের মহিলা বিষয়ক সম্পাদিকা মুর্শিদা পারভিন পাঁপড়ি, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শাকিলা ইসলাম জুঁই, সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তারী সুলতানা পুতুল এবং ভৈরবী বাছাড়ের নাম শোনা যাচ্ছে। মনোনয়ন প্রত্যাশীদের সারি লম্বা হলেও দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করবেন বলেও জানান সম্ভাব্য প্রার্থীরা।