জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মেধাবী ছাত্রী অনন্যা

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৪

সাহায্য কামনা

বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা মেধাবী ছাত্রী অনন্যা দে আঁখি ঢাকার এ্যাপোলো হাসপাতালে রয়েছেন লাইফ সাপোর্টে। চিকিত্সার জন্য প্রধানমন্ত্রীর সাহায্য কামনা করেছেন তার বাবা অরুণ কান্তি দে।

অনন্যার সহপাঠীরা যখন প্রস্তুতি নিচ্ছে এইচএসসি পরীক্ষার, ব্যস্ত রয়েছে লেখাপড়া নিয়ে। তখন অনন্যা এখন হাসপাতালের বিছানায়। সিলেট শহরের এমসি কলেজ থেকে চলতি ২০১৯ সালের এইচএসসি পরীক্ষার্থী অনন্যা। গত ২৪ জানুয়ারি কলেজে আসার সময় সিলেট বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন। এতে তার মাথাসহ শরীরের অনেক অংশ মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। প্রথমে তাকে সিলেট ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিত্সার জন্য ঢাকা অ্যাপোলোতে নেওয়া হয়। ইতোমধ্যেই ডাক্তাররা তার ব্রেইন অপারেশন করেছেন। অনন্যা বড়লেখার হাটবন্দ এলাকার অরুণ কান্তি দে ও অর্পনা রানী দের একমাত্র মেয়ে।

মেয়ের চিকিত্সার জন্য প্রধানমন্ত্রীর কাছে সহায়তা চেয়ে অরুণ কান্তি দে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি। তিনি সহায়তা করলে আমার মেয়ে সুস্থ হয়ে উঠবে। সে এখন লাইফ সাপোর্টে আছে। মেয়ের মাথা ও পাসহ কয়েকটি স্থানে অপারেশন লাগবে। ডাক্তার বলেছেন প্রাথমিকভাবে ৩০ লাখ টাকা লাগতে পারে। এত টাকা আমার পক্ষে জোগাড় করা সম্ভব নয়।

অনন্যা দে আঁখিকে সহায়তার জন্য হিসাবের নাম: অমিতাভ দে, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড সিলেট শাখা, হিসাব নম্বর-১৩২১০১৫৪২১৪, ভাইয়ের (বিকাশ) নম্বর ০১৭৩৪-৫৩০৯১০।