ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের কর্মশালা সমাপ্ত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ কর্তৃক সাংবাদিকদের ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্ত হয়েছে। গতকাল বুধবার অনুসন্ধানমূলক রিপোর্টিং কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ,আ,ম রশিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি। এতে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট সাংবাদিক জুলফিকার আলী মানিক। প্রশিক্ষণশেষে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার ৩৫ জন সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
ফরিদপুরে জলাতঙ্ক টিকাদান বিষয়ে অবহিতকরণ সভা
ফরিদপুর (পাবনা) সংবাদদাতা গতকাল বুধবার উপজেলা হাসপাতাল মিলনায়তনে ২০২২ সালের মধ্যে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ব্যাপকহারে কুকুরের টিকাদান কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আহম্মদ আলী প্রধান অতিথি হিসেবে এ সভার উদ্বোধন করেন। সভায় বিশেষজ্ঞ হিসেবে বিষয়ের উপস্থাপন করেন, ঢাকা থেকে আগত আমজাদ হোসেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রতন কুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পশু প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জহুরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছরিন পারভীন মুক্তি, প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাফিজ ও সম্পাদক মির্জা বাসিত।
মাদারীপুরে ৪ উপজেলায় শিশুদের ভিটামিন এ প্লাস খাওয়ান হবে
মাদারীপুর প্রতিনিধি মাদারীপুর জেলার ৪টি উপজেলায় এক লাখ ৬৯ সহস্রাধিক শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ খাওয়ান হবে। বুধবার সিভিল সার্জন সম্মেলন কক্ষে জেলা প্রেস ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ ফরিদ হোসেন মিঞা। এতে বক্তব্য রাখেন সিনিয়র মেডিক্যাল অফিসার ডাঃ একরাম হোসেন, এমওসিএস ডাঃ এসএম খলিলুজ্জামান, এনআই প্রতিনিধি ইব্রাহিম খলিল প্রমুখ।
কাহালুতে জলাতঙ্ক প্রতিষেধক অবহিতকরণ সভা
কাহালু (বগুড়া) সংবাদদাতা কাহালুতে গতকাল বুধবার কুকুরের জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কার্যক্রমের উপর এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন কাহালু উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা তায়েব আলী। কাহালু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কাহালু উপজেলা সহকারী কমিশনার মহুয়া শারমিন ফাতেমা, কাহালু উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতা আরজু কবিতা, ঢাকার এমডিভি’র সুপারভাইজার নাদিম মাহমুদ।
দেবীগঞ্জে ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ
দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা দেবীগঞ্জে গতকাল বুধবার ১০জন ভিক্ষুকদের মাঝে ২০টি ছাগল বিতরণ করা হয়েছে। দেবীগঞ্জ উপজেলাকে ভিক্ষকমুক্ত করতে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রায় ৪ লাখ টাকার একটি ফান্ড সৃষ্টি এবং ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন এনজিওকর্মীদের নিকট থেকে প্রকৃত ভিক্ষুকদের তালিকা সংগ্রহ করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান উপজেলা পরিষদ চত্বরে ভিক্ষুকদের হাতে ছাগল তুলে দেন । এ সময় উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বদলগাছীতে শিশু বরণ উত্সব
বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা বদলগাছী উপজেলার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণির শিক্ষার্থীদের বরণ উত্সব অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম আলী বেগ। এ সময় উপস্থিত ছিলেন মির্জাপুর কেসি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, প্রাক্তন ছাত্র আনোয়ার হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদসহ বিদ্যালয়ের শিক্ষকগণসহ সুধীজনরা ।
ইউপি চেয়ারম্যানদের তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ
নেত্রকোনা প্রতিনিধি খালিয়াজুরীর উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং ইউপি চেয়ারম্যান এবং মেম্বারদের ও উদ্যোক্তাদের জন্য ‘তথ্য অধিকার আইন’ বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার। এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিয়া আহমেদ সুমন, ইউএনডিপির জেলা ফ্যাসিলিটের মোঃ আব্দুর রাজ্জাক। কর্মশালায় খালিয়াজুরী উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের সকল ইউপি চেয়ারম্যান, সকল প্রতিনিধি এবং উদ্যোক্তারা অংশ নেন।
সরকারি জায়গায় গৃহ নির্মাণের অভিযোগে দুইজনের সাজা
সিংড়া (নাটোর) সংবাদদাতা নাটোরের সিংড়ায় সরকারি জায়গা জবর দখল করে গৃহ নির্মাণের অভিযোগে দুইজনকে সাজা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার লালোর ইউনিয়নের আতাইকুলা গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে সাইফুল ইসলাম ও নাটোর সদরের ঢাকোপাড়ার শুকুর আলীর ছেলে শিপন আলীকে সাজা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সরকারি জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ করা হচ্ছে এমন খবর পেয়ে আতাইকুলা গ্রামে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সরেজমিন সরকারি জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণের সত্যতা পাওয়ায় সাইফুল ইসলামকে একবছর ও রিপন আলীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
তালায় তিনটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা ইউনিয়নের তিনটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়। গতকাল বুধবার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামালের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট একিমিত্র চাকমা উপজেলার এ এইচ ব্রিকস, এসএন বি ব্রিকস এবং এবি ব্রিকস ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন। এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী লাইসেন্স না থাকায় এএইচ ব্রিকস ভাটাকে ৪০ হাজার, এসএনবি ব্রিকসকে ৪০ হাজার এবং এবি ব্রিকস ইটভাটাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
কাঠালিয়ায় অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তাপস কুমার তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন। এ সময় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মো. এনামুল হক, উপজেলা পঃ পঃ কর্মকর্তা আবু জাফর মো. মুছা, বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ, নারী মুক্তিযোদ্ধা সাহানা ছিদ্দিকা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারধী দেউরী, সাংবাদিক ফরুক খান, অধ্যাপক মো. আবদুল হালিম, ইমাম মো. আনিচুর রহমান প্রমুখ।
প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান করলেন জেলা প্রশাসক
মদন (নেত্রকোনা) সংবাদদাতা মদনে একটি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান করেছেন জেলা প্রশাসক (ডিসি) মঈন-উল ইসলাম। মঙ্গলবার উপজেলার কুলিয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণিতে অন্তত দুইঘণ্টা ক্লাস নেন তিনি। জেলা প্রশাসক মঈন-উল ইসলাম বলেন, শিক্ষার মান ফিরিয়ে আনতে, শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ সৃষ্টি, দেশ ও মানবপ্রেমে উদ্বুদ্ধ করা এবং সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে এ উদ্যোগ নেয়া হয়েছে। আমি প্রতিদিন না পারলেও সপ্তাহে অন্তত তিনদিন তিনটি বিদ্যালয়ে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ১০টি উপজেলায় আমাদের ইউএনওদের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও তা করবেন। এ সময় উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ, ইউএনও মোঃ ওয়ালীউল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
পৌর পরিষদের বর্ষপূর্তিতে মেয়রের মতবিনিময়
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার বর্তমান পরিষদের দায়িত্ব গ্রহণের প্রথম বছর পূর্তিতে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার মেয়র কেএম জাকির হোসেনের সভাপতিত্বে বিগত এক বছরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন সচিব মোঃ রেজাউল করিম। এ সময় বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর মোহিত কুমার, শহীদুল ইসলাম ও বোরহান উদ্দিন ভুঁইয়া, সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা দেলোয়ার হোসেন ও উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক।
জয়পুরহাট জেলা স্কাউটসের সভা
জয়পুরহাট প্রতিনিধি বাংলাদেশ স্কাউটস জয়পুরহাট জেলা নির্বাহী কমিটির এক সভা বুধবার অনুষ্ঠিত হয়। জেলা স্কাউটসের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেনের এ সভায় সভাপতিত্ব করেন। এতে বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন সম্পাদক আবুল বাশার মন্ডল। জেলা স্কাউটসের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন জেলা স্কাউটস লিডার সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু, সহকারী জেলা কমিশনার নন্দলাল পার্শী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার ভৌমিক, জেলা রোভারের সম্পাদক মাহবুব মোর্শেদুল আলম লেবু, যুগ্ম সম্পাদক রেহেনা ইয়াসমিন প্রমুখ।
চন্দনাইশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী বিতরণ
চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা চন্দনাইশ উপজেলার দোহাজারীর বার্মা কলোনিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে গত মঙ্গলবার শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে ২১টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে এনজিও সংস্থা শক্তি ফাউন্ডেশন কার্যালয়ে শাখা ব্যবস্থাপক মোঃ ইউছুপের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রিজন প্রধান জাগলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের সুপারভাইজার মোজাম্মেল হক, উপজেলা এনজিও সমন্বয়কারী এম নুরুল হক, আওয়ামী লীগ নেতা এম মোর্শেদ চৌধুরী, অরুণ চন্দ্র দাশ। এতে বক্তব্য রাখেন আশার ব্যবস্থাপক জুয়েল নাথ, রকিবুল হাসান প্রমুখ।
