আনুষ্ঠানিক বিচ্ছেদ বিল ও মেলিন্ডা গেটসের

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১০:৪৪

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস ও মেলিন্ডা গেটসের বিবাহ বিচ্ছেদ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় গতকাল সোমবার (২ আগস্ট) যুক্তরাষ্ট্রের এক বিচারক তাদের এই বিচ্ছেদ অনুমোদন করেছেন। এক প্রতিদেনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনবিসি।

গত মে মাসের ৩ তারিখ বিচ্ছেদের সিদ্ধান্ত জানান বিল ও মেলিন্ডা গেটস। সেসময় তারা দুজনই একসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ঘোষণা করেন। ওই ঘোষণার তিন মাস পর আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ সম্পন্ন হলো। অবশ্য আদালতের নথি বলছে, বিচ্ছেদের পরও নিজের নাম পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের।

বিল-মেলিন্ডার বিচ্ছেদের খরচ কত হতে পারে?

১৯৯৪ সালে বিয়ে করেছিলেন বিল ও মেলিন্ডা গেটস। বিয়ের ছয় বছর পর তারা যৌথভাবে গড়ে তোলেন দাতব্য প্রতিষ্ঠান ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’। বিশ্বের বিভিন্ন স্থানে কাজ করছে এ ফাউন্ডেশন। বিশ্বজুড়ে সংক্রামক রোগব্যাধির বিরুদ্ধে লড়াই ও শিশুদের টিকাদানে উৎসাহিত করতে তখন থেকে এখন পর্যন্ত এই ফাউন্ডেশন প্রায় ৫৪ বিলিয়ন ডলার খরচ করেছে। একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সচেতন, শিক্ষিত ও স্বাস্থ্যবান বিশ্ব গড়ে তোলা এ সংস্থার প্রধান উদ্দেশ্য।

১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়া ও সংখ্যালঘু জনগোষ্ঠীকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য উইলিয়াম এইচ ফাউন্ডেশন (দ্য বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের আগের নাম) ১,৫২৫ কোটি ডলারের বৃত্তি দেয়, যা শিক্ষাখাতে আমেরিকার ইতিহাসে এখন পর্যন্ত সর্বাধিক অনুদান। এ অনুদান আমেরিকায় উচ্চশিক্ষায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করে। স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের জন্য ২০০০ সালে বিল গেটস ‘গেটস কেমব্রিজ’ বৃত্তি চালু করেন। ‘গেটস কেমব্রিজ’ বৃত্তি বর্তমান পৃথিবীতে আর্থিক অনুদানের দিক দিয়ে সর্ববৃহৎ শিক্ষাবৃত্তি। এ বৃত্তির আওতায় প্রতিবছর যুক্তরাষ্ট্র ও পৃথিবীর অন্যান্য দেশের শতাধিক মেধাবী মেধাবৃত্তি পেয়ে থাকে।

বিল-মেলিন্ডার বিচ্ছেদের খরচ কত হতে পারে?

গেটস ফাউন্ডেশন প্রতিবছর প্রায় ৫ বিলিয়ন ডলার ব্যয় করে স্বাস্থ্যখাতের উন্নয়নে। বিল গেটস ২০০৮ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ৬৮ কোটি ২৩ লাখ মার্কিন ডলারের অনুদান দেন পোলিও প্রতিরোধের জন্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফান্ডে ইতিহাসে এত টাকা আর কোনো ব্যক্তি একসাথে দেননি। ২০০৬ ও ২০১১ সালে বিল গেটস এইডস, টিবি এবং ম্যালেরিয়া প্রতিরোধকল্পে বৈশ্বিক তহবিলে ৫০ কোটি ও ৭৫ কোটি ডলারের আর্থিক অনুদান দেন। ২০১২ সালে ফাউন্ডেশনটি ২০ কোটি ৭৭ লক্ষ ডলারের আর্থিক সহায়তা প্রদান করে ‘গ্লোবাল টিবি ভ্যাকসিন ফাউন্ডেশন’কে। বর্তমানে মহামারী করোনাভাইরাস মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ১৫০ মিলিয়ন ডলারের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। প্রয়োজনে তা ২৫০ মিলিয়ন ডলারের উন্নীত করার আশ্বাস দিয়েছেন বিল গেটস।

তাদের বিচ্ছেদের খবর ছিল এই সংস্থার জন্য হুমকিস্বরূপ। তবে, ফাউন্ডেশনের ওপর এই বিচ্ছেদের কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন উভয়েই।

Melinda French Gates to try working with ex-husband for two years |  Philanthropy News | Al Jazeera

পরে এক বিবৃতিতে ফাউন্ডেশনও জানায়, বিল ও মেলিন্ডা উভয়েই ফাউন্ডেশনের কো–চেয়ারম্যান এবং ট্রাস্টি হিসেবে থাকবেন। অর্থাৎ বৈবাহিক বিচ্ছেদ হলেও আপাতত ফাউন্ডেশনে তারা এক থাকছেন। ফাউন্ডেশনের কৌশলগত বিষয়ের অনুমোদন, সব আইনি ইস্যু এবং সংস্থার সামগ্রিক দিকনির্দেশনা নির্ধারণে একত্রে কাজ করে যাবেন বিল গেটস ও মেলিন্ডা। তবে তাদের বিপুল পরিমাণ অন্যান্য সম্পত্তির হিসাব–নিকাশ হয়তো এতটা সহজ হবে না।

বিল-মেলিন্ডার পক্ষ থেকে ফাউন্ডেশনের ভবিষ্যতের ব্যাপারে আশ্বস্ত করা হলেও তাদের যৌথ মালিকানাধীন সম্পত্তি কীভাবে ভাগ হবে বা বিচ্ছেদের চুক্তি কী হচ্ছে, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষের কাছ থেকেই কিছু জানা যায়নি। সংশ্লিষ্ট আদালতের কাছে বৈবাহিক সম্পর্ক মিটিয়ে ফেলার আবেদনের পাশাপাশি বিচ্ছেদ চুক্তি অনুযায়ী ব্যবসায়িক স্বার্থ, দায়বদ্ধতা এবং যৌথ মালিকানাধীন সম্পত্তিও ভাগ করার জন্য আবেদন জানিয়েছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

Bill Gates: The separate worlds of Bill and Melinda Gates - The Economic  Times

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস নিজ দেশ যুক্তরাষ্ট্রে বেসরকারিভাবে সবচেয়ে বেশি কৃষিজমির মালিক। গেটসের মালিকানায় রয়েছে ২ লাখ ৪২ হাজার একর কৃষিজমি। তবে দেশটির ১৮টি অঙ্গরাজ্যে ছড়িয়ে থাকা এসব কৃষিজমিতে যৌথ মালিকানাইয় মেলিন্ডারও নাম আছে। এর মধ্যে লুইজিয়ানায় ৬৯ হাজার ৭১ একর, আরকানসাসে ৪৭ হাজার ৯২৭ একর ও নেব্রাস্কায় ২০ হাজার ৫৮৮ একর কৃষিজমি রয়েছে।

ধারণা করা হচ্ছে, বিশ্বের অন্যতম ধনী দম্পতির বিচ্ছেদের পর এখন এই সম্পত্তি ভাগের বিষয়টি জটিল আকার ধারণ করবে। এছাড়া গেটস পরিবারের সম্পদের পরিমাণ প্রায় ১০০ বিলিয়ন ডলার। তাই বিল গেটসের সঙ্গে বিবাহবিচ্ছেদের আপস-রফা হিসেবে মেলিন্ডা কী পাবেন, সে বিষয়ে চলছে জল্পনা।

এর আগে, ২০১৯ সালে ২৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মার্কিন ধনকুবের ই–কমার্স জায়ান্ট আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। সে সময় বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিবাহবিচ্ছেদের শর্তের ব্যাপারে একমত হন ম্যাকেঞ্জি বেজোস। জেফ বেজোসের সঙ্গে ডিভোর্সের পর তিনি পান ৩ হাজার ৫০০ কোটি ডলারের সম্পদ। গেটস দম্পতির বিচ্ছেদ চুক্তি কি এই পরিমাণকেও ছাড়িয়ে যাবে? তা নিয়ে এখনও কিছু খোলাসা করেননি তারা।

ইত্তেফাক/টিআর