মাহবুব শরীফ
স্মার্ট টিভি ব্যবহারের প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। বর্তমান সময়ে কেউ টেলিভিশন কিনলে তা স্মার্ট টেলিভিশন বা ইন্টারনেট টেলিভিশনই কিনে থাকেন। কয়েক বছর আগেও ক্যাথড-রে টিউব (সিআরটি) প্রযুক্তির টেলিভিশনের ব্যবহার চোখে পড়ার মতো ছিল। বর্তমানে সিআরটি টেলিভিশন তেমন একটা চোখে পড়ে না। এক কথায় বল যায়, মানুষের জীবনযাপনের মান উন্নয়ন হয়েছে। প্রযুক্তির ছোঁয়ায় পরিবর্তন হতে শুরু করেছে আমাদের ব্যবহার্য দ্রব্য সামগ্রীও।
ইন্টারনেট টিভি বা স্মার্ট টিভি ব্যবহারে ব্যবহারকারীদের প্রয়োজন হয় বিভিন্ন রকম অ্যাপের সহায়তা। অনেক অ্যাপের সেবা বিনামূল্যে ভোগ করা গেলেও কিছু কিছু সুবিধা ভোগ করতে হলে অর্থ গোনারও প্রয়োজন রয়েছে। স্মার্টটিভি ব্যবহারকারীদের সুবিধার্থে স্মার্ট টিভিতে অধিক প্রয়োজনীয় ৫টি অ্যাপ নিয়ে আলোচনা করা হয়েছে এ লেখায়।
ইউটিউব :অনলাইনে ভিডিও দেখার অন্যতম জনপ্রিয় সাইট হলো ইউটিউব। ইন্টারনেট ব্যবহারকারীরা ইউটিউব এর সেবা গ্রহণ করেন না এমন সংখ্যা খুব একটা পাওয়া যাবে না। কম্পিউটার বা মোবাইলে ভিডিও দেখার চেয়ে স্মার্ট টিভির বড় পর্দায় তা উপভোগ করা বেশ মাজাদার। ইউটিউব ভিডিও দেখার জন্য স্মার্ট টিভিতে ইউটিউব অ্যাপটি বিনামূল্যে ব্যবহার করা যায়। তবে ব্যবহারকারীর থাকতে হবে জিমেইল অ্যাকাউন্ট। জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ-ইন করলে ইউটিউব আপনার আনন্দের মহারাজ্য হবে।
নেটফ্লিক্স :এক্সক্লুসিভ সিনেমা ও টিভি শো দেখার জনপ্রিয় মাধ্যম নেটফ্লিক্স। স্মার্ট টিভিতে ইউটিউবের সুবিধা বিনামূল্যে ভোগ করা গেলেও নেটফ্লিক্সের সুবিধা ভোগ করতে আপনাকে অর্থ গুনতে হবে। স্মার্ট মোবাইল দিয়ে নেটফ্লিক্সের সুবিধা ভোগ করা গেলেও পরিবারের সবাইকে নিয়ে বড় পর্দায় এইচডি ভিডিও দেখার আনন্দ একটু বেশিই হবে। নেটফ্লিক্স-এ প্রথম মাসে বিনামূল্যে সেবা গ্রহণ করতে পারবেন। তবে, পরবর্তী মাস থেকে আপনাকে গুনতে হবে সাবস্ক্রিপশন ফি। সাবস্ক্রাইব করার আগে আপনি ভালো করে জেনে নিন যে, আপনার প্যাকেজের আওতায় কী কী সুবিধা ভোগ করা যাবে। এছাড়া, কয়টি ডিভাইসে আপনি প্রদত্ত সুবিধা গ্রহণ করতে পারবেন তাও জেনে নিন।
স্কাইপ :স্কাইপ এর সঙ্গে আমরা কম-বেশি পরিচিত। ভিডিও অডিও কলের জন্য জনপ্রিয় প্লাটফর্ম হলো স্কাইপ। বিশেষ করে যাদের আত্মীয়-স্বজন দেশের বাইরে বা দূরবর্তী অবস্থানে থাকেন তারা এই অ্যাপটি বেশি ব্যবহার করেন। স্মার্ট টিভি ব্যবহারকারীরা চাইলে স্কাইপ অ্যাপটি আপনার কম্পিউটারে ইনস্টল করে নিতে পারেন। এতে করে দূরবর্তী অবস্থানে থাকা প্রিয়জনের সঙ্গে কথা বলা ও ভিডিও উপভোগ করতে পারবেন পরিবারের সকলকে সঙ্গে নিয়ে।
অ্যাপটোইড টিভি :অ্যাপটোইড টিভি হলো স্মার্ট টিভির জন্য আলাদা একটি অ্যাপ স্টোর। স্মার্ট টিভিতে বিভিন্ন ধরনের অ্যাপ ইনস্টল করা, ডাউনলোড করার বিশেষ অ্যাপ হলো এটি। এই অ্যাপগুলো ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম, খেলাধুলা, সংবাদ, স্বাস্থ্য, শরীরচর্চা, রান্না, সাজসজ্জা, আবহাওয়াসহ নানা ধরনের অ্যাপ ব্যবহারের সুযোগ রয়েছে স্মার্ট টিভিতে।
ই-শেয়ার :স্মার্টফোনের তথ্য আদান-প্রদানের জন্য রয়েছে শেয়ারআইটি। স্মার্ট টিভিতে ই-শেয়ার ইনস্টল করা থাকলে স্মার্টফোন থেকে আপনি বিভিন্ন ফাইল আদান-প্রদান করতে পারবেন। এই অ্যাপটির মাধ্যমে স্মার্ট ফোন থেকে স্মার্ট টিভি নিয়ন্ত্রণও করতে পারবেন।
