পল্লী বিদ্যুতের ফাইল দালালদের হাতে

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২১

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা পল্লী বিদ্যুত্ অফিসে দালাল ছাড়া কাজ হচ্ছে না বলে প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের এনফোর্সমেন্ট টিমের সদস্যরা ছদ্মবেশে গ্রাহক সেজে অভিযান চালিয়ে প্রমাণ পেয়েছে যে, বিদ্যুতের নতুন সংযোগ প্রদান, মিটারপ্রাপ্তিসহ বিভিন্ন কাজে দালাল ছাড়া কর্মকর্তারা কোনো কাজ করেন না। ফাইল নিয়ন্ত্রণ করে দালালরা। দুদকের হট লাইনে আগত একাধিক অভিযোগের ভিত্তিতে দুদকের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরীর নির্দেশে গতকাল বুধবার ঢাকা পল্লী বিদ্যুত্ সমিতি-৪ এর অধীন কেরানীগঞ্জ পল্লী বিদ্যুত্ জোনাল অফিসে এবং গত মঙ্গলবার ঢাকা পল্লী বিদ্যুত্ সমিতি-২ এর অধীন নবাবগঞ্জ পল্লী বিদ্যুত্ জোনাল অফিসে দুদকের এনফোর্সমেন্ট টিম এসব অভিযান চালায়।

সরেজমিন অভিযানে দুদক টিম দেখে, নতুন সংযোগ প্রদান, মিটারপ্রাপ্তিসহ বিভিন্ন কাজে দালাল ছাড়া কর্মকর্তারা কোনো কাজ করেন না, ফাইল নিয়ন্ত্রণ করে দালালরা। গতকাল বুধবার দুদক কর্মকর্তারা ছদ্মবেশে গ্রাহক সেজে অভিযান চালিয়ে দুই দালালকে হাতেনাতে গ্রেফতার শেষে ভ্রাম্যমাণ আদালতের নিকট হস্তান্তর করা হয়। এছাড়া দুদক টিমের উপস্থিতিতে দুই দিনের অভিযানে দালালদের সাথে যোগসাজশকারী জিএম, ডিজিএমসহ ৪ কর্মকর্তাকে চিহ্নিত করে প্রতিবেদন প্রস্তুত করেছে দুদক।

এ অভিযান প্রসঙ্গে দুদক এনফোর্সমেন্ট অভিযানের প্রধান মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘এ দুর্নীতির সাথে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্নীতিবাজদের অবৈধ সম্পদের অনুসন্ধান করা হবে।’