ইত্তেফাক রিপোর্ট
প্রার্থিতা ফেরত পেলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টি-জাপা মনোনীত প্রার্থী ব্যান্ড তারকা শাফিন আহমেদ। গতকাল বুধবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল শুনানি শেষে মনোনয়ন ফেরত পান তিনি।
এর আগে ঋণ খেলাপি দেখিয়ে তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম। পরবর্তীতে রিটার্নিং অফিসারের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে আপিল করেন শাফিন। আপিলে শাফিনের প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার বিষয়টি সাংবাদিকদের জানান রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম। তফসিল অনুযায়ী মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৯ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ১০ ফেব্রুয়ারি এবং ভোটগ্রহণ ২৮ ফেব্রুয়ারি।
